মেহেরপুরে দরপত্র নিয়ে সংঘর্ষ, বোমা, আহত ১০
প্রায় দেড় কোটি টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে মেহেরপুর শহরে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের আশপাশের এলাকায় গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও অন্তত আটটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। পুলিশ তাঁদের আওয়ামী লীগের নেতা-কর্মী বলে দাবি করেছে। স্থানীয় বিভিন্ন সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মেহেরপুর এলজিইডিতে ১৩টি গ্রুপের মোট এক কেটি ৫৫ লাখ টাকার কাজের দরপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল। সকাল থেকেই প্রতিপক্ষকে বাধা দিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাংসদ জয়নাল আবেদীনের সমর্থকেরা এলজিইডি কার্যালয়ের ডান দিকে আদালত মোড়ে অবস্থান নেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলীর সমর্থকেরা অবস্থান নেন কার্যালয়ের বাঁ দিকে। এ সময় দুই পক্ষের সমর্থকদের হাতেই ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখা যায়। বেলা ১১টার দিকে মিয়াজানের পক্ষ দরপত্র জমা দিতে এলজিইডি কার্যালয়ে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সাংসদের পক্ষের কয়েকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বেলা সাড়ে ১১টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় র্যাবের গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয়। তারা এলজিইডি কার্যালয় চত্বর থেকে দুই পক্ষের লোকজনকে বের করে দেয়। পরে আদালত মোড়, রাইপুর ও সার্কিট হাউস এলাকার আশপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব এলাকায় আরও পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ন্যাঙা (৩৫), আক্কাস (২৮), ইজারুল (৩৪), জিয়া (২৯), তাহেরুল (৩৫), রাজু (৩৭), ভোলা (৪১), রেজাউল (২৬), মনিরুল (৩১) ও নাফিজ (৩৫) নামের ১০ জন আহত হন। তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তবে গ্রেপ্তার আতঙ্কে হাসপাতালে কেউ ভর্তি হননি বলে জানা গেছে। বেলা একটা পর্যন্ত সংঘর্ষ, বোমাবাজি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রকাশচন্দ্র বিশ্বাস বলেন, এক কোটি ৫৫ লাখ টাকার কাজের জন্য ৩১১টি শিডিউল বিক্রি হয়। গতকাল কার্যালয়ে এক পক্ষ দরপত্র জমা দিতে এলে অন্য পক্ষের লোকজন তা কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ ও র্যাব এসে দুই পক্ষকে কার্যালয় চত্বরের বাইরে পাঠিয়ে দেয়। পরিস্থিতি শান্ত হলে ১৯১ জন ঠিকাদার শিডিউল জমা দেন। তবে কার্যালয়ের বাইরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। তিনি আরও বলেন, দরপত্র কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।মিয়াজান আলীর সমর্থক মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল অভিযোগ করেন, সাংসদের ইন্ধনে পুলিশের সামনে তাঁদের ওপর বোমা হামলা চালানো হয়েছে। সাংসদের সমর্থক মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, দরপত্র কার্যক্রম নিয়ন্ত্রণ করতে গোলাম রসুল সন্ত্রাসী বাহিনী এনে বোমা হামলার ঘটনা ঘটিয়েছেন। এ কারণে ঠিকাদার আসলাম খান, আতিয়ার রহমান, আবদুল লতিফসহ অনেকেই শিডিউল জমা দিতে পারেননি। এ ব্যাপারে সাংসদ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মিয়াজান আলীর মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মেহেরপুর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, বিকেলে মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। তবে বিভিন্ন স্থান থেকে তুফান, শহীদুল, লিজন, আকারুল, আছিরুল, সজীব, কামরুজ্জামান জনিসহ আটজনকে আটক করা হয়েছে। মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বোমা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় এলজিইডি কার্যালয়, আদালত মোড় ও সার্কিট হাউস এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।