মেহেরপুরে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে জেলা কেবল অপারেটরস মলিক সমিতি। এ ছাড়া ইসলামী ব্যাংকের অনেক গ্রাহক তাঁদের হিসাব বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে।মেহেরপুর কেবল অপারেটরস সমিতির সভাপতি আবদুস শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইউনিলিভার কোম্পানির মেহেরপুর জেলা সরবরাহকারী গোলাম মোস্তফা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলন থেকে ইসলামী ব্যাংকবিরোধী ঘোষণা আসায় তিনি ওই ব্যাংকে থাকা তাঁর হিসাব প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণফোনের ডিলার কার্জন আহমেদ, কেয়া স্টোরের মালিক হাফিজুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানেরাও ইসলামী ব্যাংকে থাকা তাঁদের হিসাব বন্ধ করে দিয়েছেন।এ ব্যাপারে মেহেরপুর ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবদুর রশিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘বড় একটি বাণিজ্যিক ব্যাংক থেকে পুরোনো গ্রাহক চলে যাবে, নতুন গ্রাহক আসবে—এটাই স্বাভাবিক। কোনো অভিযোগে নয়, বড় কিছু গ্রাহক তাঁদের সুবিধার্থে এই ব্যাংক থেকে হিসাব প্রত্যাহার করে নিয়েছেন।’ তবে, কারা এবং কী পরিমাণ গ্রাহক ব্যাংক হিসাব বন্ধ করে অন্যত্র চলে গেছেন, তার সঠিক পরিসংখ্যান নেই।গত শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর প্রেসক্লাবের সামনে মুজিবনগর মুক্তিযুদ্ধ প্রজম্ম মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও তাদের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মোমবাতি প্রজ্বালন ও সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশে মুজিবনগর মুক্তিযুদ্ধ প্রজম্ম কমিটির সমন্বয়ক ইয়ারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি ও তাঁদের পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান বর্জনের আহ্বান জানান। এর পর থেকে মেহেরপুরে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।