মেহেরপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
মেহেরপুরে নসিমন-করিমন চলাচল বন্ধের দাবিসহ তিন দফা দাবি করে ২ জুলাই থেকে চলে আসা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মেহেরপুর জেলা বাস মালিক ও বাস শ্রমিক সমিতি। ফলে দীর্ঘ নয় দিন পর মেহেরপুর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস ট্রাক চলাচল আবার শুরু হয়েছে।আজ রোববার ধর্মঘট প্রত্যাহার হওয়ায় সকাল থেকেই মেহেরপুরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসসহ সব যানবাহন চলাচল শুরু করেছে।জানা গেছে, গতকাল রাতে মেহেরপুর জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম, পুলিশ সুপার ইকবাল হোসেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) প্রতিনিধি কর্নেল জিল্লুল হকের সঙ্গে মেহেরপুর জেলা বাস মালিক ও বাস শ্রমিক সমিতির একটি বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসক মেহেরপুর জেলা বাস মালিক ও বাস শ্রমিক সমিতির তিন দফার প্রথম দফা দাবিটি মেনে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিবহন মালিক-শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।মেহেরপুর জেলা প্রশাসাক বেনজামিন হেমব্রম এবং মেহেরপুর জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম রসুল ধর্মঘট প্রত্যাহারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।