মেহেরপুরে পাঁচটি শক্তিশালী বোমাসহ বোমার কারিগর আটক
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি শক্তিশালী বোমাসহ বিল্লাল হোসেন নামের এক বোমা তৈরির কারিগরকে আটক করেছেন পুলিশ ও র্যাবের সদস্যরা। আটক হওয়া বিল্লাল গাংনী উপজেলা শহরের থানাপাড়ার বাসিন্দা।আজ মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে থানাপাড়া থেকে বিল্লালকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, বিল্লাল থানাপাড়ায় চায়ের ব্যবসা করতেন। তবে ব্যবসার আড়ালে তিনি বোমা তৈরি ও তা সরবরাহ করতেন বলেও এলাকায় অভিযোগ রয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাবের সদস্যরা আজ সন্ধ্যায় থানাপাড়ায় বিল্লালের চায়ের দোকানে তল্লাশি অভিযান চালান। অভিযানের সময় দোকানের ভেতরে একটি ব্যাগের মধ্যে পাঁচটি শক্তিশালী বোমা পাওয়া যায়। এ সময় বিল্লালকে আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, আগে বিল্লাল ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। পরে ডাকাতি ছেড়ে গোপনে বোমা তৈরি ও সরবরাহের কাজে জড়িয়ে পড়েন। তবে কাদের কাছে তিনি বোমা সরবরাহ করতেন এবং তিনি কোনো চরমপন্থী দলের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, দেড় মাস আগেও বিল্লাল বোমা তৈরির বিস্ফোরক দ্রব্যসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হলেও তিনি সহজেই আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।