মেহেরপুরে পাট নিয়ে বিপাকে কৃষক
বর্ষার ভরা মৌসুম অথচ কোথাও পানি নেই। তাই পাট জাগের সময় চলে এলেও চাষিরা পাট জাগ দিতে পারছেন না। তাই এবার সোনালি আঁশ পাট নিয়ে চরম বিপাকে পড়েছেন চাষিরা।মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের পাটচাষি হামিদুল মুন্সী বলেন, ‘ভালো দাম পাওয়ার আশায় এবার ১০ বিঘা জমিতে পাট চাষ করেছি। এখন পাট কেটে জাগ দেওয়ার সময়। কিন্তু পানির অভাবে পাট জাগের স্থান না পাওয়ায় জমির পাট জমিতেই দাঁড়িয়ে আছে।’ একই অবস্থা আকরাম আলীসহ এই গ্রামের অন্যান্য চাষির। সদর উপজেলার উজলপুর গ্রামের চাষি মাহাবুব হোসেন, ইলিয়াস আলীসহ অন্য পাটচাষিরাও দুশ্চিন্তায় আছেন। তাঁদের কথা, আষাঢ় গেল, শ্রাবণ মাস শেষের দিকে অথচ কোথাও বৃষ্টি নেই। পানির জন্য চারদিকে হাহাকার। খরা আর অনাবৃষ্টির কারণে জেলার খাল, বিল, নদী, নালা, পুকুর—সব শুকিয়ে গেছে। কোথাও পানি নেই। সরেজমিন ঘুরে দেখা গেছে, পানির অভাবে চাষিরা সমতল আবাদি জমি ভাড়া নিয়ে সেখানে শ্যালো মেশিনে পানির ব্যবস্থা করে পাট জাগ দিচ্ছেন। জমির মালিকেরা প্রতি আটি পাটের জন্য ভাড়া নিচ্ছেন তিন টাকা। আবার অনেকে অন্যের শুকিয়ে যাওয়া মজাপুকুর ভাড়া নিয়ে সেখানে পানি সেচে বাণিজ্যিক ভিত্তিতে পাট জাগের ব্যবস্থা করছেন। গাংনীর সাহারবাটি গ্রামের শরিফুল মওলা জানান, তিনি জমিতে ধান বুনেছিলেন। এখন প্রতি আটি তিন টাকা হারে পাট জাগ দেওয়ার জন্য জমি ভাড়া দিয়েছেন। বাকি দায়িত্ব কৃষকের। আনন্দবাস গ্রামের কৃষক আখলাক উদ্দিন জানান, শ্যালো মেশিন বন্ধ করলেই শুকিয়ে যাচ্ছে পানি। তাই সারাক্ষণ মেশিনে পানি দিতে হচ্ছে। এতে পাট জাগের পেছনে কৃষকের ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে এবার। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এবার জেলায় সর্বাধিক পরিমাণ জমিতে পাটের চাষ হয়েছে। জেলায় মোট ১৫ হাজার ৭৩২ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে পাট চাষ হয়েছে ২৭ হাজার ৬৫৩ হেক্টর জমিতে। গতবার ভালো দাম পাওয়ায় এবার দ্বিগুণ হারে পাট চাষ করেছেন চাষিরা। কিন্তু বর্ষার পানি না থাকায় পাট জাগ নিয়ে চাষিরা এখন চরম দুশ্চিন্তায়।মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘অন্যবার দাম না পাওয়ায় পাট কৃষকের গলার ফাঁস হয়ে দাঁড়ালেও এবার সে অবস্থা হয়েছে পানির অভাবে জাগ দিতে না পারার কারণে। জেলায় সেচের উৎসমুখগুলো ভরাট হয়ে শুকিয়ে গেছে। কোথাও পানি জমছে না। জেলায় সেচ-সুবিধার জন্য প্রায় ২৯ হাজার অগভীর নলকূপ এবং শতাধিক গভীর নলকূপ চালু আছে। ফলে, পানির স্তর প্রতিদিন মাত্রাতিরিক্ত হারে নিচে নেমে যাচ্ছে। তাই বর্ষার পানি না পাওয়ায় চাষিকে নলকূপের পানি দিয়ে পাট জাগের ব্যবস্থা করতে হচ্ছে এবার। মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর আমিন বলেন, ‘পানির ব্যবস্থা কিংবা পানির বিকল্প ব্যবস্থা গ্রহণের পরই পাট চাষ করা উচিত। কেননা নদী, নালা খনন না করা গেলে পানির স্তর নামার পাশাপাশি পানির অভাব তীব্রতর হবে।’