মেহেরপুরে বাস ধর্মঘট অব্যাহত
র্যাবের হাতে আটক মেহেরপুরের বাসশ্রমিককে নিঃশর্ত মুক্তির দাবিতে ১৮ জুন মেহেরপুরে শুরু হওয়া বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে মেহেরপুর থেকে দূরপাল্লার ও আন্তনগর বাস চলাচল বন্ধ আছে। ওই বাসশ্রমিকের নিঃশর্ত মুক্তি না দিলে আগামী বুধবার থেকে মেহেরপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৭ জেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।আজ শনিবার মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এক শ্রমিক সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সভাপতি বাবু শ্রী ভূষণ ঘোষ এই ঘোষণা দেন।সভায় শ্রমিকনেতারা জানান, র্যাব সম্পূর্ণ অবৈধভাবে বাসের সুপারভাইজারকে হেরোইনসহ আটক করে কারাবন্দী করেছে। তাঁরা অবিলম্বে আটক বাসশ্রমিকের নিঃশর্ত মুক্তি চায়। অন্যথায় প্রয়োজনে সারা দেশে বাস চলাচল বন্ধ করে দেবেন বলেও হুমকি দিয়েছেন তাঁরা।উল্লেখ্য, ৯ জুন র্যাব ‘শিশির’ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে কুষ্টিয়ার মিরপুর মশান বাজারে তল্লাশি চালায়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করে র্যাব। হেরোইন রাখার অভিযোগে র্যাব সদস্যরা গাড়ির সুপারভাইজার সিরাজুল ইসলামকে আটক করে মাদক মামলায় কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়ে দেন।