মেহেরপুরে বাস ধর্মঘট চলছে
বাসের সুপারভাইজারকে আটকের প্রতিবাদে মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের ডাকে মেহেরপুর-কুষ্টিয়া রুটের একাংশে বাস ধর্মঘট চলছে। গতকাল শনিবার থেকে এ ধর্মঘট শুরু হয়।মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস জানান, র্যাব হেরোইনের প্রকৃত মালিককে না পেয়ে উদ্দেশ্যমূলকভাবে বাসের সুপারভাইজার সিরাজুল ইসলামকে আটক করেছে। তিনি জানান, এর প্রতিবাদে এবং আটক বাস শ্রমিকের মুক্তির দাবিতে আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে এ ধর্মঘট চলছে। তিন দিনের মধ্যে ওই শ্রমিককে মুক্তি না দিলে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গায় বাস ধর্মঘট ডাকা হবে।প্রসঙ্গত, ৯ জুন মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে কুষ্টিয়ার মীরপুর উপজেলার মশান বাজারের কাছে র্যাব আটক করে। কুষ্টিয়া র্যাব কর্তৃপক্ষ জানায়, গাড়িতে বিপুল পরিমাণ হেরোইন আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। র্যাব সেখান থেকে এক কেজি হেরোইনসহ সিরাজুলকে আটক করে। এ ব্যাপারে মিরপুর থানার পুলিশ বাদী হয়ে সিরাজুলের বিরুদ্ধে চোরাচালানবিরোধী বিশেষ আইনে মামলা করেছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী আছেন।