মেহেরপুরে বিএনপি নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে। রতনপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তিনি একজন পল্লি চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপি গতকাল রাতে মেহেরপুর শহরে বিক্ষোভ করেছে।পুলিশ ও এলাকাবাসী জানান, হেলাল উদ্দিন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর রতনপুরের বাড়িতে বসে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী বাড়ির ভেতরে ঢুকে তাঁকে মারার চেষ্টা করে। হেলাল উদ্দিন পালিয়ে বাইরে গেলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীরা তাঁকে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ সময় বাবাকে বাঁচাতে এক মেয়ে পেছনে ছুটলে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে মেয়েটি আহত হয়ে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে লাশের পাশে একটি চিরকুট ফেলে দ্রুত চলে যায়। এলাকার লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও গাংনী আসনের সাংসদ আমজাদ হোসেন বলেন, হেলাল উদ্দিন মুজিবনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা একটি চিরকুট ফেলে গেছে। ওই চিরকুটে ‘জনযুদ্ধের খুলনা বিভাগীয় প্রধান বিকাশ’ লেখা রয়েছে। চাঁদা না দেওয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও তাতে লেখা রয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।