মেহেরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় হেলাল উদ্দিন (৫০) নামের বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে চরমপন্থী সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রতনপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত হেলাল স্থানীয় পল্লি চিকিত্সক ও মুজিবনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হেলাল উদ্দিন তাঁর রতনপুরের বাড়িতে বসে ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁর বাড়ির ভেতর ঢুকে তাঁকে মারতে উদ্যত হয়। একপর্যায়ে হেলাল পালিয়ে বাইরে গেলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে। পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীরা তাঁকে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। এ সময় বাবাকে বাঁচাতে মেয়ে সেতু পেছনে গেলে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা তিনটি ককটেল ছুড়ে মারে। এতে সেতু আহত হয়। হত্যার পর সন্ত্রাসীরা লাশের পাশে একটি লিফলেট ফেলে আরও কয়েকটি ককটেল ফাটিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও গাংনী আসনের সাংসদ আমজাদ হোসেন বলেন, হেলাল উদ্দিন মুজিবনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সন্ত্রাসীরা একটি চিরকুট ফেলে গেছে। ওই চিরকুটে ‘জনযুদ্ধের খুলনা বিভাগীয় প্রধান বিকাশ’ লেখা আছে। চাঁদা না দেওয়ার কারণে খুন করা হয়েছে বলেও ওই চিরকুটে লেখা আছে।ঘটনার পরপরই পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে।