মেহেরপুরে বিএনপি সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থীকে লক্ষ্য করে বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। বিএনপি সমর্থক প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল আওয়ালকে লক্ষ্য করে চালানো এ হামলায় আবদুল মতিন (২৭) নামে একজন আহত হন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।আবদুল আওয়াল দাবি করেন, গতকাল রাতে তিনি পাঁচ-ছয়টি মোটরসাইকেল আরোহী নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। তাঁর মোটরসাইকেল বামুন্দীর জেদ্দা ইটভাটার কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। বোমায় তাঁর কর্মী মতিন আহত হন। মতিনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া মাত্র বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল হক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জেরেই এ বোমা হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তবে কারা এ বোমা হামলা চালিয়েছে, তিনি তা জানাতে পারেননি। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।