মেহেরপুরে বিএনপির নেতা খুনের ঘটনায় আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বিএনপির নেতা শমসের আলী মালিথা (৬১) খুনের ঘটনায় পুলিশ আজ শনিবার সকালে তিনজনকে আটক করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা বিএনপি তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোঁতা সোনাপুর গ্রামে গতকাল শুক্রবার রাত নয়টার দিকে সন্ত্রাসীদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে শমসের আলী মালিথা নিহত হন। তিনি সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর আজ তাঁর মরদেহ দাফন করা হয়।পুলিশ জানায়, শমসের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কাঁঠালপোঁতা সোনাপুর গ্রাম থেকে পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের (সোনাপুর) সদস্য মামলত আলী (৪৭), তাঁর ভাই আতাহার আলী (৪৯) ও ছেলে ওলিকে (২৪) আটক করেছে। মামলত ও আতাহার ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওলি ইউনিয়ন যুবলীগের সদস্য। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইউপি সদস্য মামলতের বিরুদ্ধে হত্যা, বোমা বিস্ফোরণ ঘটানোসহ ১২টির মতো মামলা রয়েছে। শমসের হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত শমসেরের স্ত্রী নেছারুন খাতুন (৪২) অভিযোগ করেন, নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে মামলত ও তাঁর লোকজন শমসেরকে অপহরণ ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন। শমসেরের ছেলে শিক্ষক নাসির উদ্দিনের দাবি, ২০১১ সালে ইউপি নির্বাচনে তাঁর বাবা প্রার্থী ছিলেন। তখন প্রার্থিতা প্রত্যাহারে মামলত বাড়িতে কাফনের কাপড় ও বোমা পাঠিয়ে তাঁর বাবাকে হুমকি দেন। তাঁর বাবা ভয়ে নির্বাচনী প্রচারে নামেননি। পরে মামলত ভোটে জয়ী হন। তিনি মামলতসহ অন্যদের আসামি করে হত্যা মামলা করবেন বলে জানান।পিরোজপুর ইউপির চেয়ারম্যান শামসুল আলমের দাবি, নিহত শমসের ও মামলতের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মেহেরপুরের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ জানান, জেলা বিএনপি এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল রোববার গণবিক্ষোভ, সোমবার প্রতিবাদ সমাবেশ, মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানসহ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে।