মেহেরপুরে বিজিবির সোর্স দুই ভাইকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের কাজীপুর সীমান্তে দুই ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁদের লাশ আজ শনিবার সকালে কাজীপুর সীমান্তের ১৪৫ মেইন পিলারের কাছ থেকে উদ্ধার করা হয়। তাঁরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সোর্স ছিলেন।নিহত দুই ভাই হলেন রফিকুল ইসলাম (৪১) ও আবু জেল (৩৯)। তাঁদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের কাজীপুর সীমান্তের পোস্ট অফিস পাড়ায়।রফিকুল ও আবু জেলের বাবা কিয়ামুদ্দিন শেখ প্রথম আলো ডটকমকে বলেন, রফিকুল কৃষিকাজ ও আবু জেল সবজির ব্যবসা করতেন। তাঁরা বিএনপির কর্মী ছিলেন। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে কয়েকজন লোক দুই ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাঁরা আর বাড়ি ফেরেননি। আজ সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দুই ছেলের লাশ শনাক্ত করেন।মেহেরপুর জেলা পুলিশ সুপার আবদুল্লাহিল বাকী প্রথম আলো ডটকমকে বলেন, দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। সোর্স হিসেবে মাদকদ্রব্য চোরাচালানকারীদের ধরিয়ে দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করবে।বিজিবির কাজীপুর ক্যাম্প কমান্ডার সাখাওয়াত হোসেন জানান, নিহত দুজন মাদক চোরাকারবারবিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে সহায়তা করতেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি বিজিবি সদস্যরা সীমান্ত থেকে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলের দুটি চালান আটক করেন।