মেহেরপুরে বোমা বিস্ফোরণ, আহত ১
মেহেরপুর শহরের কাথুলী প্রধান সড়কের পাশের ভাঙারির দোকানে বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে জাকিরুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর বাড়ি গাংনী উপজেলার দীঘলকান্দি গ্রামে। পুলিশি পাহারায় তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ রোববার রাত সাড়ে আটটার দিকে জর্দার কৌটায় তৈরি এ বোমার বিস্ফোরণ ঘটে।কাথুলী সড়কের ভাঙারি ব্যবসায়ী মান্নান প্রথম আলো ডটকমকে বলেন, প্রতিদিনের মতো জাকিরুল কুড়িয়ে পাওয়া ভাঙারি তাঁর প্রতিষ্ঠানে বিক্রি করতে আসে। এ সময় বস্তার ভেতর থেকে পুরোনো জিনিস বের করার সময় বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এতে জাকিরুলের ডান হাত ও কান ঝলসে যায়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ভাঙারি ব্যবসায়ী মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও তিনি জানান।