মেহেরপুরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে সন্ত্রাসীরা আবদুল বারী (৪০) নামের একজন ব্যবসায়ীর চোখ উপড়ে ফেলার পর বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে হত্যা করেছে।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ স্থানীয় একটি পাটখেত থেকে উদ্ধার করেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে গ্রামের একটি পাটখেতে বিকট শব্দ হয়। বোমার শব্দ ভেবে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই পাটখেত থেকে আবদুল বারীর লাশ উদ্ধার করে। সন্ত্রাসীরা প্রথমে আবদুল বারীর দুই চোখ উপড়ে ফেলার পর বোমার বিস্ফোরণ ঘটিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানিয়েছে, নিহত আবদুল বারী লোহালক্করের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণেও তাঁকে হত্যা করা হতে পারে বলে তারা জানিয়েছে। তবে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, পরকীয়া প্রেমের জেরে তাঁর স্বামীকে খুন করা হয়েছে। প্রতিবেশী শফিকুল ইসলামের স্ত্রীর সঙ্গে তাঁর স্বামী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে শফিকুল ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে তাঁর স্বামীকে হত্যা করেছে। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী থানায় একটি মামলা করেছেন।পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আবদুল বারীর প্রতিবেশী শফিকুল ইসলামকে আটক করেছে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।