মেহেরপুরে মুক্তিযুদ্ধকালের ৩৪টি মাইন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের পুরোনো পোস্ট অফিসপাড়ার একটি বাড়ি থেকে আজ বৃহস্পতিবার পুলিশ ৩৪টি মাইন উদ্ধার করেছে। সেগুলোর মধ্যে ১৩টি এখনো তাজা। মেহেরপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অজিত কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে মাইনগুলো চিহ্নিত করে। মাইনগুলো ভারতের তৈরি বলে পুলিশ জানিয়েছে।পুলিশ বলেছে, ভবন-বিধ্বংসী মাইনগুলো নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের ডাকতে হবে। অফিসপাড়ার ফজলুল হকের ছেলে হামিদুল ইসলামের বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গেলে মাইনগুলো বেরিয়ে আসে। ছয় ফুট গর্ত খুঁড়ার পর নির্মাণ শ্রমিকেরা মাইনগুলো খুঁজে পান।এলাকাবাসী জানান, বাড়িটির তত্কালীন মালিক মরহুম রহিম শেখের বড় ছেলে লাল চাঁদ ১৯৭১ সালে মেহেরপুর মহকুমা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম জানান, ওই সময় লাল চাঁদ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। ২০ বছর আগে তিনি ঢাকায় মারা যান।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, পুলিশের ধারণা, উদ্ধার করা ৩৪টি মাইনের মধ্যে ১৩টি এখনো তাজা। নিষ্ক্রিয় করতে পুলিশ সেগুলো পানিভর্তি বালতিতে ডুবিয়ে রেখেছে।