মেহেরপুরে র্যাব-পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ে আহত ৭
মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামে গতকাল সোমবার রাতে র্যাব-পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত সাতজন আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, বোমাসহ চারজনকে আটক করা হয়েছে।মেহেরপুরে র্যাব-৬-এর কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলাম জানান, গাংনী উপজেলার রামনগর গ্রামের সড়কে র্যাব-পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের ধরার জন্য আগে থেকে ওত পেতে ছিলের। তাঁরা রাত তিনটার দিকে সন্ত্রাসীদের ঘিরে ফেলেন। তখন সন্ত্রাসীরা র্যাব-পুলিশকে লক্ষ্য করে প্রথমে দুটি গুলি ও একটি বোমা ছোড়ে। এতে র্যাবের তিনজন সদস্য আহত হন। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে চার সন্ত্রাসী আহত হয়। পরে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে নয়টি বোমা, একটি গুলিভর্তি এমএম পিস্তল ও চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) লিফলেট উদ্ধার করা হয় ।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সন্ত্রাসীদের গুলিতে র্যাব সদস্য উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ, কনস্টেবল ইয়াছিন আলী ও আবদুল আজিজ আহত হন। পাল্টা গুলিতে পালান মিয়া, লিটন হোসেন, ইমরান আলী ও রেজাউল শেখ নামের চারজন সন্ত্রাসী আহত হন। এঁদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামে। আহত র্যাব ও সন্ত্রাসীদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর থানায় একাধিক মামলা আছে।