মেহেরপুরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে একুশের সকালে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সুমী আক্তার (১০)। সে রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।মেহেরপুর শহরের উপকণ্ঠ রাইপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। ইটবোঝাই একটি ছোট গাড়ির (পাওয়ার টিলারচালিত গাড়ি স্থানীয়ভাবে ট্রলি বলা হয়) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।স্কুলের প্রধান শিক্ষক নাসরিন আক্তার জানান, স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকেরা রাইপুর সড়ক হয়ে পার্শ্ববর্তী শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল। শিক্ষার্থীদের শোভাযাত্রাটি গ্রামের খন্দকারপাড়ায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি অন্য একটি ট্রলিকে অতিক্রম করতে যায়। এ সময় রাইপুর গ্রামের আবদুল ওহাবের মেয়ে সুমী ট্রলির ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই দুর্ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী দুটি ট্রলিতে গাড়িতে আগুন ধরিয়ে দেন। তারা মেহেরপুর-মুজিবনগর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। শিক্ষকেরা জানান, এই ঘটনার পর স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চোখের সামনে সহপাঠীর মৃত্যু দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। শিক্ষার্থীরা আর শহীদ মিনারে ফুল দিতে যেতে পারেনি। তারা তাদের হাতে থাকা ফুল দিয়ে সহপাঠী সুমীর প্রতি শ্রদ্ধা জানায়।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ময়নাতদন্ত শেষে ওই ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।