মেহেরপুরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে লোকমান আলী (৩৯) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।নিহত লোকমান মহাজনপুরের চারুলিয়া গ্রামের আছেন আলীর ছেলে।এলাকাবাসী ও লোকমানের পরিবার জানায়, ভোরের দিকে মুখোশধারী সাত-আটজন সন্ত্রাসী অস্ত্রের মুখে লোকমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পাওয়া যায়। এলাকাবাসী ও তাঁর পরিবারের লোকজন পাশের একটি মাঠে গিয়ে লোকমানের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী জানান, লোকমান একসময় চরমপন্থী একটি দলের সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এ কারণে চরমপন্থীরা তাঁকে খুন করে থাকতে পারে।লোকমানের গলা ও বুকে দুটি গুলি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।