মেহেরপুরে সন্ত্রাসীদের হাতে আওয়ামী লীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য এবং মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম বাবলুকে অজ্ঞাত সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে। তাঁর বাড়ি মুজিবনগরের মহাজনপুর ইউনিয়নের টুঙ্গী গোপালপুর গ্রামে। পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন লোক শহীদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কিন্তু রাত বাড়তে থাকলেও শহীদুল বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা আজ সকালে গ্রামের টুপলার বিলের রাস্তার ওপর থেকে শহীদুলের খণ্ডিত লাশ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানিয়েছেন, খুনের কারণ ও খুনিদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত অভিযানে নেমেছে।