মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের ৪২ মুসল্লি আহত
মেহেরপুরে আজ রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় তাবলিগ জামায়াতের ৪২ জন মুসল্লি গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতেরা ও পুলিশ জানায়, ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামায়াতের একদল মুসল্লি (রাজশাহী-ব-০২-০১৮১) নম্বর বাসে করে মেহেরপুর শহরের মারকাস মসজিদে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। শহরে ঢোকার মুখে চাঁদবিল সড়কের কাদাযুক্ত মাটির পিচ্ছিল পথ অতিক্রম করে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজন মুসল্লি সাইফুল ইসলাম ও মুহাম্মদ আলীকে ঢাকায় নেওয়া হয়েছে। তাঁদের বাড়ি ঢাকার দোহারে। আহত অন্যদের বাড়ি ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা ও শরীয়তপুর জেলায়।মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক মিজানুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতেরা সবাই শঙ্কামুক্ত। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।