মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মেহেরপুরের সদর উপজেলায় মেহেরপুর-গাংনী সড়কে আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতেরা হলেন গাংনী উপজেলার কাথুলী গ্রামের মোশারফ হোসেনের ছেলে লিটন (৩৪) ও সদর উপজেলার মনোহরপুর গ্রামের বাহাউদ্দিনের ছেলে সাবেদুল (৩৩)।প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে ভর্তি আহতেরা জানায়, সদর উপজেলার কাথুলীর উজলপুর সাহাজীপাড়া মোড়ে সকাল সাড়ে ১০টার দিকে সবজিবাহী একটি নছিমনের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লিটন মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাবেদুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক আলাউদ্দিন আহমেদ জানান, আহতদের চিকিত্সা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় ট্রাকে চালকের আসনে ছিলেন হেলপার। তবে মেহেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নিজামুল ইসলাম রকেট জানান, হেলপার ট্রাকটি চালালেও তাঁর ড্রাইভিং লাইসেন্স আছে।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পুলিশ এলাকাবাসীর সহায়তায় হেলপার মহসিন আলীসহ ট্রাকটি আটক করেছে।