মেহেরপুরে ১৮ দলের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ১৮-দলীয় জোটের ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে পুলিশ। আজ সোমবার সদর থানা পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।মিজানুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর আক্রমণসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মঞ্জুর) নেতাসহ ১৮-দলীয় জোটের আটজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।পুলিশ জানায়, মামলার পর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (নাজিউর রহমান মঞ্জুর) জেলা আহ্বায়ক শেখ সাইদ আহমেদ (৪৯), বিএনপির কর্মী রাজন, রায়হান, লিজন, তুষার, হানিফ, সাহারুল ও মুক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে আদালতে সোপর্দের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।মামলার আসামিদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর গোলাম রহমান, সহসভাপতি বাদল, উপজেলা যুবদলের সহসভাপতি ফারুক হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলামও রয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত নয়টার দিকে ছাত্রলীগের হরতালবিরোধী একটি মিছিল শহর প্রদক্ষিণের সময় জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তিনটি মোটরসাইকেলসহ বিএনপির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়।ওই ঘটনার প্রতিবাদে পাল্টা মিছিল বের করতে চাইলে পুলিশ বিএনপির কার্যালয় ঘিরে রাখে। এ সময় ইটের আঘাতে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক দুলু মিয়া (৩৭) গুরুতর আহত হন বলে জানা যায়।এ ব্যাপারে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ প্রথম আলো ডটকমকে বলেন, ছাত্রলীগের কর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে কোনো কারণ ছাড়াই আকস্মিক হামলা চালিয়ে মোটরসাইকেল, আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় উভয় পক্ষের সংঘর্ষের সময় এক পুলিশ কর্মকর্তা আহত হন। কিন্তু মামলায় আসামি করা হয়েছে ১৮ দলের ১৫০ জন নেতা-কর্মীকে।আহত পুলিশ কর্মকর্তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকেরা জানান, তাঁর মাথায় আঘাত লেগেছে, তবে তিনি আশঙ্কামুক্ত।মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক বলেন, বিএনপির কর্মীদের হাতে আহত পুলিশ কর্মকর্তার অবস্থা উন্নতির দিকে। রাজশাহীতে তাঁর চিকিত্সা চলছে। পরিস্থিতি মোকাবিলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।