মেহেরপুরে ৪টি বোমা উদ্ধার, সন্ত্রাসীদের বোমা হামলায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর শহরের কাছে চকশেমনগর গ্রামের মাঠ থেকে আজ শুক্রবার ভোরে চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসীদের বোমা হামলায় কবিরুল ইসলাম নামের এক গরু ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় একজনকে আটক করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গতকাল রাত ১১টার দিকে চা খেয়ে বাড়ি ফেরার পথে কাজীপুর ব্রিজের ওপর কবিরুলকে লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারে সন্ত্রাসীরা। বোমার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের স্ত্রী শাহানাজ পারভীন ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার এক আসামি আলাউদ্দিনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি দৌলতপুর উপজেলার ধর্মদাহ গ্রামে। নিহতের স্ত্রী শাহানাজ পারভীনের দাবি, সন্ত্রাসীদের দাবি করা দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীরা তাঁর স্বামীকে হত্যা করেছে।মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ ভোরে মেহেরপুর শহরের চকশেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে কলাবাগানে তল্লাশি চালায়। সেখান থেকে পুলিশ ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় চারটি বোমা উদ্ধার করে। বোমাগুলো মেহেরপুর সদর থানায় পানিভর্তি বালতির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে।