মেহেরপুরে ৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে আজ সোমবার একটি আখখেত থেকে আটটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে নয়টার দিকে র্যাব ও পুলিশের সদস্যরা গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে অভিযান চালান। গ্রামে মাঠের পাশে জয়নালের আখখেত থেকে পলিথিন ব্যাগে ভরা আটটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এ সময় তাঁরা বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করেন। এসব সরঞ্জামের মধ্যে স্প্রিন্টার ও গান পাউডার রয়েছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানিয়েছেন, উদ্ধার করা বোমাগুলো শক্তিশালী। পুলিশ বোমাগুলো নিষ্ক্রিয় করতে পানিভর্তি বালতির মধ্যে ডুবিয়ে রেখেছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) মেহেরপুর ক্যাম্প কমান্ডার এএসপি শেখ জাহিদুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।