মেহেরপুরের যে দুটি গ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দুটি গ্রামের নাম রাজাপুর ও রাধাকান্তপুর। শুধু নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দ্বন্দ্ব ও গ্রাম্য রাজনৈতিক বিরোধ এ গ্রাম দুটিকে পিছিয়ে দিয়েছে। মেহেরপুর শহরের উপকণ্ঠে গ্রাম দুটির অবস্থান। লোকসংখ্যা প্রায় ১৫ হাজার। ভোটার সংখ্যা ৭ হাজারের মতো। অধিকাংশ পরিবারই সচ্ছল। ভৈরব নদীর ওপর সেতু না হওয়ায় অধিকাংশ মানুষ ঘুরে যানবহন নিয়ে শহরে যায়।গ্রামবাসী সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের আশরাফ আলী বিএনপি সমর্থক। ২০০০ সালে তাঁর স্ত্রী মাজেদা নৌকায় ভোট দিতে চাইলে তিনি তাঁকে বাড়ি থেকে বের করে দেন এবং এই অপরাধে রাস্তায় নিয়ে পেটান। এ সময় আওয়ামী লীগ সমর্থকেরা এর প্রতিবাদ করলে গ্রামে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই নির্বাচনে বিএনপি প্রার্থী মাসুদ অরুণ জয়ী হন। এরপর প্রতিশোধ নিতে আশরাফ আওয়ামী লীগের কর্মী ইন্নাল, সাহাজুল, ইবরুল ও আদম আলীকে অভিযুক্ত করে জেলা বিএনপি অফিসে অভিযোগ দেন। বিচারে অভিযুক্তদের ১২ হাজার টাকা জরিমানা হয়। তাঁরা আট হাজার টাকা জরিমানা দিয়ে রেহাই পান।বিচারে অভিযুক্ত রাজাপুর গ্রামের আদম আলী বলেন, এ রকম ঘটনার প্রতিশোধ-পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে প্রতিবারই নির্বাচনকেন্দ্রিক মারামারি হয়।রাধাকান্তপুর গ্রামের সরকারি কর্মকর্তা (অব.) আফাজউদ্দিন বলেন, নেতাদের গোঁড়ামি দৃষ্টিভঙ্গির কারণে শহরে যাওয়ার একমাত্র পথ ভৈরব নদীর বামনপাড়া ঘাটে আজও সেতু হয়নি। প্রতিদিন কয়েক শত লোক সাঁকো দিয়ে যাতায়াত করে। কিন্তু সাঁকোটি দুর্বল হওয়ায় একসঙ্গে পাঁচজনের বেশি ওঠা যায় না। এভাবেই প্রায় ৩০ বছর ইজারাদারকে টাকা দিয়ে সাঁকো পার হয় গ্রামবাসী। রাজাপুর গ্রামের স্কুলশিক্ষক আবুল কাশেম বলেন, রাস্তা ও সেতু না হওয়ায় উত্পাদিত ফসল পরিবহনে কৃষককে অতিরিক্ত ব্যয় গুনতে হয়। বর্ষায় রাস্তা কর্দমাক্ত ও খানাখন্দে ভরে যায়। তখন শহরের চেয়ে বেশি দামে জিনিসপত্র কিনে খেতে হয় তাদের। গ্রামের কলেজছাত্রী কামিনুর রহমান বলেন, গ্রাম দুটির সব রাস্তাই কাঁচা হলেও আওয়ামী লীগের আমজাদ ও দাউদ এবং বিএনপির নাছির ও সানু নেতা হওয়ায় শুধু তাঁদের বাড়ির ঢোকার রাস্তা সরকারি অর্থে সেমিপাকা হয়েছে। বিএনপি নেতাদের ধারণা, গ্রামবাসী বিএনপিকে ভোট দেবে না, সুতরাং তাঁরা রাস্তা, ব্রিজ করবে কেন? একই ধরনের চিন্তা আওয়ামী লীগের নেতাদেরও। তাই উন্নয়ন হয় না।রাধাকান্তপুর গ্রামের হাছিবুল শেখ বলেন, ‘গ্রাম্য দলাদলির কারণে গাঁয়ের উন্নয়ন হয় না। তারপরও ভোট এলিই সব্বাই আমরা আমীলীগ ও বিওমপি হয়ি পড়ি। তকুন ভোট অয় ইজ্জতের যুদ্ধ। গাঁটের পয়সা খরচ কইরি এমপি বানায়।’ একই ধরনের কথা জানান, আক্কাস আলী এবং রাজাপুর গ্রামের নবীর আলী ও নছর উদ্দিন। রাজাপুর গ্রামের মেম্বার আব্দুল মাবুদ বলেন, ‘একদল রাস্তা পাকা করবে, আর সেই রাস্তায় অন্য দলের লোকজনও হাঁটাচলা করবে, তা হবে না। এমন গোঁড়ামির কারণে কোনো দলের নেতারাই রাস্তা উন্নয়নে এগোন না।’স্থানীয় বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান শাহাজাহান আলী বলেন, ‘নেতারা দলমতের ঊর্ধ্বে না আসতে পারলে গ্রাম দুটির উন্নয়ন হবে না। কেননা, শিশু না কাঁদলে মায়ে দুধ দেয় না।’