মেয়র খোকাকে অপসারণের সুপারিশ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাকে অপসারণ করে অবিলম্বে প্রশাসক নিয়োগের সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য মেয়াদোত্তীর্ণ সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান রেখে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়।কমিটি সাদেক হোসেন খোকাকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে অবিলম্বে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। সংসদের আসন্ন অধিবেশনে এ-সংক্রান্ত আইনের সংশোধনী বিল উপস্থাপন করা হচ্ছে বলে জানা গেছে। আগামী ৫ ডিসেম্বর সংসদের এ অধিবেশন শুরু হবে।কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফ আলী খানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আইনটি সংশোধনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, মেয়াদোত্তীর্ণ কোনো জনপ্রতিনিধি যাতে ক্ষমতায় থাকতে না পারেন, সে জন্যই এ-সংক্রান্ত আইন সংশোধনের জন্য বলা হয়েছে। কমিটির সভাপতি নিজেই এই বিষয়টি উত্থাপন করেন। সভায় উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, মন্ত্রণালয় এ-সংক্রান্ত আইন প্রণয়নের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আগামী অধিবেশনেই বিলটি সংসদে উঠবে।সভায় জানানো হয়, ঢাকা সিটি করপোরেশন ভেঙে দুটি সিটি করপোরেশন করা হচ্ছে। নবগঠিত এ দুটো স্থানীয় সরকারের নাম ঢাকা নর্থ সিটি করপোরেশন এবং ঢাকা সাউথ সিটি করপোরেশন রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্যও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ সংশোধন প্রয়োজন। রহমত আলী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, শুধু ঢাকা সিটি করপোরেশনই নয়, সব সিটি করপোরেশনের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসক নিয়োগের বিধানের জন্য নতুন সংশোধনীর প্রয়োজন। এ আইন পাস হলে ঢাকার মেয়রের মতো পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে কেউ আট বছর ক্ষমতায় থাকতে পারতেন না। দুর্নীতিও এত হতো না। তিনি বলেন, একই সঙ্গে রাজধানীকে দুটি সিটি করপোরেশন করারও নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে।আড়াই বছর আগে ২০০৭ সালের ১৪ মে ঢাকা সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়। ২০০২ সালের ২৪ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল।কমিটির সদস্য আশরাফ আলী খান বৈঠক শেষে সাংবাদিকদের জানান, শুধু ঢাকাই নয়, সব সিটি করপোরেশনেই প্রশাসক নিয়োগের বিধান রাখার কথা বলেছে কমিটি। প্রসঙ্গত, দেশের ছয়টি সিটি করপোরেশনের মধ্যে শুধু ঢাকা সিটির মেয়রই মেয়াদোত্তীর্ণ ক্ষমতা ভোগ করছেন।