মেয়র খোকার মেয়ের বিরুদ্ধে দুর্নীতি মামলা
সম্পদের হিসাব-বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে আজ রোববার রমনা থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন আইন-২০০৯-এর ২৬ (২) ধারায় সম্পত্তির বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের সাবেক সহকারী পরিচালক মো. শামছুল আলম মামলাটি দায়ের করেন।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলি নোমান জানান, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের হিসাব না দেওয়ায় সারিকা সাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়, সাদেক হোসেন খোকার অবৈধ অর্থের মালিক তাঁর মেয়ে সারিকা সাদিক। খোকার স্থাবর-অস্থাবর অনেক সম্পত্তি রয়েছে তাঁর মেয়ের নামে। এসব সম্পদের অর্থের উত্স দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর সারিকা সাদেককে সম্পত্তির হিসাবের বিবরণী জমা দেওয়ার জন্য সাত দিন সময় বেঁধে দিয়ে একটি নোটিশ দেয় দুদক। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সারিকা সম্পদের হিসাব দাখিল করতে ব্যর্থ হন।তাই দুদকের পক্ষ থেকে মামলাটি করা হয়।