মেয়র পদ ছেড়ে মনোনয়নপত্র জমা দিলেন মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে পদত্যাগ করে এ বি এম মহিউদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি সকালে পদত্যাগ করেন। এরপর তিনি আগামী ১৭ জুনের সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র দাখিলের সময় মহিউদ্দিনের সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, দুই যুগ্ম সম্পাদক খোরশেদ আলম ও ইব্রাহিম হোসেন এবং নাগরিক কমিটির সদস্য সচিব এমদাদুল ইসলাম। মহিউদ্দিন নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।জানা যায়, টানা তিন মেয়াদে ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করা মহিউদ্দিন এবারই প্রথম পদত্যাগ করে মেয়র পদে প্রার্থী হয়েছেন। মেয়রের দায়িত্ব পালনকালে বিএনপি সরকারের আমলে ১৯৯৬ সালে একবার এবং ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দ্বিতীয় দফায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই বছর কারাগারে ছিলেন। ১৯৯৯ ও ২০০৫ সালের সিটি নির্বাচনেও তিনি মেয়র পদে বহাল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। কিন্তু উচ্চ আদালত ২০০৯ সালের ২৪ মে মেয়র পদটিকে লাভজনক বলে উল্লেখ করায় এবার তাঁকে পদত্যাগ করতে হয়েছে। কারণ সিটি করপোরেশন আইনে বলা আছে, লাভজনক পদে থেকে মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থী হওয়া যাবে না। এ সম্পর্কে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতায় থাকা না থাকা আমার জন্য কোনো ব্যাপার নয়। ক্ষমতা কারও জন্যই চিরস্থায়ী নয়। আমি রাজপথের মানুষ। সব সময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করি।’সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, সকালে মহিউদ্দিন চৌধুরী নগর ভবনে আসেন। এরপর তিনি কে বি আবদুস সাত্তার মিলনায়তনে ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং সবার কাছ থেকে বিদায় নেন। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, মেয়র মাত্র দুই মিনিট বক্তব্য দেন। বৈঠক শেষে তিনি প্যানেল মেয়র জহিরুল আলম দোভাষের কাছে পদত্যাগপত্র দেন। করপোরেশনের গাড়ির বদলে তিনি সাধারণ মাইক্রোবাসে করে নগর ভবন ত্যাগ করেন। তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হযরত শাহ আমানত (র.)-এর মাজার জিয়ারত করেন। সেখান থেকে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। পরে নন্দনকাননে নাগরিক কমিটির কার্যালয় হয়ে তিনি চশমা হিলের বাসভবনে যান।সূত্র জানায়, বিকেলে মহিউদ্দিন সিটি করপোরেশনের ওয়াকিটকিসহ অন্যান্য সরঞ্জামও ফেরত দেন। তিনি বাসার নিচতলায় স্থাপিত সিটি করপোরেশনের জেনারেটর না চালানোর জন্য বাড়ির লোকজনকে বলে দিয়েছেন। বিকেলে ওই বাসায় প্রবেশপথে ১০০ কিলোওয়াটের একটি নতুন জেনারেটর বসানো হয়েছে। দুপুরে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে গিয়ে দেখা যায়, অন্যদিনের মতো কোলাহল নেই। সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল হক ছাড়া অন্য কোনো কর্মকর্তাকে সেখানে দেখা যায়নি। বাড়িতে আসা লোকজনের জন্য একটি গরু জবাই করা হয়। দুপুর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের বাড়িতে খাওয়ানোর ব্যবস্থা করা হয়।জানা যায়, বিকেল থেকে মহিউদ্দিন বাসায়ই ছিলেন। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পাশাপাশি পেশাজীবী লোকজনও তাঁর সঙ্গে দেখা করেন। তিনি সারা দিন অনেকটা চুপচাপ ছিলেন। মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমার কোনো কর্মসূচি ঠিক করা হয়নি। তাই বাসায়ই আছি। এখানেই লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছি।’ প্যানেল মেয়রের প্রার্থী হতে সমস্যা নেই: সাখাওয়াতঢাকার নিজস্ব প্রতিবেদক জানান, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল সাংবাদিকদের জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে করপোরেশনের প্যানেল মেয়রের প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। তিনি বলেন, আইনে বলা আছে, সিটি করপোরেশনের সার্বক্ষণিক লাভজনক পদে থেকে মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থী হওয়া যাবে না। আদালতের রায়ে মেয়রের পদকে সার্বক্ষণিক লাভজনক পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্যানেল মেয়রের পদটি কখনোই সার্বক্ষণিক লাভজনক পদ নয়। তাই বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়রের দায়িত্বে যেই থাকুন না কেন, নির্বাচনে অংশ নিতে তাঁর কোনো বাধা নেই।সম্ভাব্য প্রার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আজকের (গতকাল বৃহস্পতিবার) পর দেয়ালে কোনো প্রার্থীর লেখা বা পোস্টার পাওয়া গেলে বাছাইয়ের সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হবে। বাছাইয়ের পর যদি প্রচারমূলক কোনো দেয়াললিখন বা পোস্টার পাওয়া যায়, তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতীক, স্লোগান বা নেতা-নেত্রীর ছবি ব্যবহার করা যাবে না। যাঁরা চট্টগ্রাম সিটির ভোটার নন, এমন কাউকে নির্বাচনে সম্পৃক্তও করা যাবে না।