মেয়র পদপ্রার্থী মনিরুলকে বিএনপি থেকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মনিরুল হককে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে মনিরুল হককে অব্যাহতি দেওয়া হয়।আজ সন্ধ্যায় রুহুল কবির রিজভী প্রথম আলোকে মুঠোফোনে মনিরুল হকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনি (মো. মনিরুল হক) দলের ভেতরে কোন্দল, সংঘাত এবং বিদ্বেষ সৃষ্টি করে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত আছেন বলে প্রমাণ পাওয়া গেছে। বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক নির্দেশক্রমে আপনাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’চিঠির অনুলিপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিন উর রশিদকে পাঠানো হয়। উভয় নেতাই চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে মো. মনিরুল হক বলেন, ‘দলের কাছে আমি আগেই অব্যাহতি চেয়েছি। দল আমাকে অব্যাহতি দিয়েছে।’মনিরুল হক গত বুধবার দুপুরে এক পৃষ্ঠার একটি অব্যাহতিপত্র দলের চেয়ারপারসনের বরাবর পাঠান। দলের মহাসচিবকে মাধ্যম করে ওই চিঠি পাঠানো হয়। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘মনিরুল হক দল থেকে অব্যাহতি চেয়েছেন?’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়।