মেয়র পদপ্রার্থীদের প্রধান পাঁচজনই ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য ১০ মেয়র পদপ্রার্থীর মধ্যে পাঁচজনই ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। গত শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা ও প্রথম আলোর অনুসন্ধানে এ তথ্য পাওয়া গেছে।সম্ভাব্য ১০ প্রার্থীর মধ্যে পাঁচজনই হলফনামায় লিখেছেন, তাঁদের পেশা ব্যবসা। কিন্তু তথ্য অনুসন্ধানে দেখা গেছে, তাঁদের প্রধান পেশাই ঠিকাদারি। তাঁদের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও দলীয় সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খান সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাবেক কুমিল্লা পৌরসভা ও জেলা পরিষদে ঠিকাদারি করেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র মো. মনিরুল হক সওজ, পাউবো, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগে; জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ গণপূর্ত এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ; কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাউবো ও সওজ এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূর-উর রহমান পাউবো, সওজ, সাবেক কুমিল্লা পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভাগে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত।এ ছাড়া অন্য পাঁচজনের মধ্যে চঞ্চল কুমার ঘোষের রয়েছে মিষ্টির ব্যবসা, মো. সালমান সাঈদের পেশা মৎস্য চাষ, মো. হাসানুল আলমের পেশা সাংবাদিকতা/ লেখালেখি। শিরিন আক্তার পেশার ঘরে লিখেছেন গৃহিণী ও মো. মামুনুর রশীদ লিখেছেন ‘অবসরযাপন’।শিক্ষাগত যোগ্যতা: হলফনামা থেকে জানা যায়, আফজল খানের শিক্ষাগত যোগ্যতা বিএ, এলএলবি। মো. মনিরুল হক এসএসসি পাস, এয়ার আহমেদ অষ্টম শ্রেণী পাস, আনিসুর রহমান বিএ, এলএলবি এবং নূর-উর রহমান বিএসএস।অন্য পাঁচ মেয়র পদপ্রার্থীর মধ্যে মো. মামুনুর রশীদ এমবিএ, শিরিন আক্তার এসএসসি, মো. সালমান সাঈদ বিবিএ, চঞ্চল কুমার ঘোষ এইচএসসি ও মো. হাসানুল আলম স্নাতক (সম্পূরক)।জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর বলেন, ‘ঠিকাদারি পেশায় যাঁরা জড়িত, তাঁদের অনেকেই সমঝোতা করে কাজ করেন। নিম্নমানের কাজেরও অভিযোগও থাকে। যেহেতু প্রধান পাঁচ প্রার্থীই ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত, তাই এর মধ্যে অপেক্ষাকৃত ভালো এবং বদনাম কম এমন প্রার্থীকেই ভোটাররা বেছে নেবেন।’আলী আকবর বলেন, মেয়র পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার চেয়ে অনেক কাউন্সিলর পদপ্রার্থীর যোগ্যতা ভালো। কাউন্সিলর পদে অনেক শিক্ষিত, সৎ ও যোগ্যতাসম্পন্ন প্রার্থী রয়েছেন।আজ ও কাল মনোনয়নপত্র বাছাই: আজ রোববার ও কাল সোমবার সিটি নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘সতর্কতার সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটি আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করবে। অসত্য তথ্য জমা দিলে প্রার্থিতা বাতিল হবে।’আফজলের পরিবার থেকে চার প্রার্থী: নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন আফজল খান। তাঁর মেয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আঞ্জুম সুলতানা সংরক্ষিত কাউন্সিলর পদে ৩ নম্বর (৭, ৮ ও ৯) ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই ওয়ার্ডে আফজল খানের ভাগনে কামাল চৌধুরীর স্ত্রী আঁখি চৌধুরী সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। অন্যদিকে আফজলের ছোট ভাই আমানউল্লাহ খান ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।