মেয়র পদে এরশাদের সমর্থন পেলেন মশিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মশিউর রহমান রাঙ্গাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে এ কথা জানান। এরশাদ দলের রংপুর জেলা ও মহানগরের নেতা-কর্মী ও সমর্থকদের মশিউর রহমানকে সমর্থন ও সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।মেয়র পদপ্রার্থী হিসেবে সমর্থন পাওয়ার পাশাপাশি দলের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক হলেন মশিউর রহমান।নবগঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। ভোট নেওয়া হবে আগামী ২০ ডিসেম্বর বৃহস্পতিবার। এ নির্বাচনে আংশিকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহূত হবে, সে বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি।ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২১ ও ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মোট ভোটারসংখ্যা তিন লাখ ৫৭ হাজার ২৩৮। এর মধ্যে পুরুষ এক লাখ ৭৯ হাজার ১২৮ এবং নারী এক লাখ ৭৮ হাজার ৬১৪ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১৮২ এবং ভোটকক্ষ এক হাজার ২০০টি।