সিটি করপোরেশন নির্বাচন ২০১০ চট্টগ্রাম
মেয়র পদে তিনজনের নাম প্রস্তাব করেছেন মহিউদ্দিনবিরোধীরা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের সমর্থন পাওয়ার ব্যাপারে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গত মঙ্গলবার রাতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্বীকার করেন, তাঁকে দলের সমর্থনের ব্যাপারে সরাসরি কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গেও এখনো কোনো কথা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে মহিউদ্দিন-বিরোধীরা মেয়র পদে আলাদা ব্যক্তির নাম কেন্দ্রে পাঠাচ্ছেন। নগর আওয়ামী লীগের একাংশ মেয়র পদে তিনজনের নাম প্রস্তাব করেছে। তাঁরা হলেন:নগর কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন। গতকাল বুধবার এক বর্ধিত সভায় এ প্রস্তাব করা হয়। নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি এতে সভাপতিত্ব করেন।সভায় বলা হয়, মেয়র মহিউদ্দিন অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম। তিনি বিভিন্ন সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেকে বিতর্কিত করেছেন। তাই দলের নেতা-কর্মীরা মেয়র পদে নতুন প্রার্থী আশা করেন।সাবেক মন্ত্রী জহুর আহম্মদ চৌধুরীর বাগমনিরাম দুই নম্বর পল্টন রোডের বাসভবনে অনুষ্ঠিত এ সভা হয়। এতে মাহতাব উদ্দিন, নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীসহ নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, সিটি করপোরেশনের বর্তমান কিছু ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে মেয়রের শরণাপন্ন হলে তিনি তাঁদের বলেন, ‘আমি নিজেরটা এখনো ঠিক করতে পারিনি, তোমাদের জন্য কী করব।’জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ এখনো কাউকে সমর্থন দেয়নি। নগর পর্যায়েও দলীয় কোনো সভায় এ নিয়ে বৈঠক বা আলোচনা হয়নি। কিন্তু মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করেন মহিউদ্দিন। ওই দিন রাতে তাঁর চশমাহিলের বাসভবনে গরু জবাই করে মেজবান দিয়ে কয়েক শ লোক খাওয়ানো হয়। গতকাল রাতেও দলীয় বর্ধিত সভার নামে আরও একটি গরু জবাই করে দলীয় লোকজনকে নৈশভোজ করানো হয়। মহিউদ্দিন নিজেকে প্রার্থী ঘোষণা করায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অনেক নেতাই বিস্ময় প্রকাশ করেন। তাঁরা বলেন, নিয়মানুযায়ী দল যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করবে। কিন্তু তার আগেই নিজেকে প্রার্থী দাবি করা গণতন্ত্র ও সাংগঠনিক রীতিনীতির পরিপন্থী। নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বলেন, ‘মহিউদ্দিন দায়িত্বশীল পদে আছেন বটে, কিন্তু কোনো কথাই দায়িত্বশীলতার সঙ্গে বলেন না। তিনি বলেন, কেন্দ্রের কাছে মেয়র পদে বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রস্তাব যাচ্ছে। আমরাও দিচ্ছি।’