মেয়র পদে নারী প্রার্থী দেয়নি আ.লীগ, বিএনপির একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রাজশাহীর চারঘাট পৌরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন নার্গিস খাতুন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ভোট প্রাপ্তিতে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে পেছনে ফেলেছেন।নার্গিস খাতুন কোনো দল-সমর্থিত প্রার্থী ছিলেন না। জনগণের সমর্থন ও নিজের দৃঢ়প্রতিজ্ঞায় সব বাধা পেছনে ফেলে ১২ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।এবার এ পর্যন্ত অনুষ্ঠিত ২৪২টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত একমাত্র নারী এই নার্গিস খাতুন। ক্ষমতাসীন আওয়ামী লীগ এসব পৌরসভায় মেয়র পদে কোনো নারীকে সমর্থন দেয়নি। প্রধান বিরোধী দল বিএনপি সমর্থন দিয়েছে কেবল একজন নারীকে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-সমর্থিত নারী মেয়র প্রার্থীও একজন। অন্য দুই বড় দল জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী মেয়র পদে কোনো নারীকে সমর্থন দেয়নি। এবার পৌর নির্বাচনে মেয়র পদে এক হাজার ১৭৩ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ১০ জন।২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ৫২টি আসনে ৫০ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে আওয়ামী লীগ ১৮টি আসনে ১৬ জনকে (দলীয় সভানেত্রী শেখ হাসিনা তিনটি আসনে), বিএনপি ১৪টি আসনে ১২ জন (দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে) এবং জাতীয় পার্টি তিনটি আসনে (রওশন এরশাদ দুটি আসনে) দুজন নারীকে মনোনয়ন দিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগের ১৪ জন, বিএনপির তিনজন ও জাতীয় পার্টির একজন নারী প্রার্থী জয়লাভ করেন।আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই তাদের নির্বাচনী ইশতেহারে ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন ও রাজনীতিতে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার অঙ্গীকার করেছিল। কিন্তু এবার পৌরসভা নির্বাচনে এর প্রতিফলন দেখা যায়নি।নারীনেত্রী ও মানবাধিকারকর্মীরা এ বিষয়ে হতাশা ও উদ্বেগ জানিয়েছেন। মানবাধিকারকর্মী সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, ‘এমনিতে স্থানীয় সরকারে সংরক্ষিত নারী আসন তৈরি করে সেখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। কিন্তু সাধারণ আসনে মনোনয়ন বা সমর্থন দেওয়ার ব্যাপারে দলগুলো এখনো রক্ষণশীল রয়ে গেছে। আমরা আশা করব, তারা পরবর্তী সময় এই অঙ্গীকারের প্রতি অনেক বেশি মনোযোগী হবে এবং নারীদের সুযোগ করে দেবে।’আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘এমন হওয়ার কথা নয়। আমরা নারীবান্ধব দল। আমরা দলের ভেতর নারীদের প্রতিনিধিত্ব বাড়িয়েছি। আমরা সব ক্ষেত্রে নারীদের এগিয়ে আনতে চাইছি। এবার কেন এমন হলো, আমি ঠিক জানি না।’বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান বলেন, ‘এবার প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল পর্যায় থেকে প্রস্তাব এসেছে। অন্য বিভাগের কথা জানি না, তবে আমার বরিশাল বিভাগ থেকে কোনো নারীর জন্য প্রস্তাব আসেনি। এলে অবশ্যই বিবেচনা করা হতো।’ রাজনীতিতে তৃণমূলে নারীর অংশগ্রহণ কম কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে অনেক সময় সহিংসতা হয়। এ কারণেই হয়তো এবার নারীরা সেভাবে আসতে চাননি।’একমাত্র নারী মেয়র: চারঘাট পৌরসভায় নির্বাচিত নার্গিস খাতুনই এবার একমাত্র নারী মেয়র। প্রথম আলোকে তিনি বলেন, ‘নির্বাচন করার ইচ্ছা আমার ছিল না। কিন্তু এলাকার মানুষের চাওয়া পূরণ করতেই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। নির্বাচনী যুদ্ধে নামার পর আমার ওপর নানা ধরনের বাধা এসেছে। আমার প্রতিপক্ষ ছিলেন সবাই পুরুষ। নানান মানুষ নানান কথা বলেছে। কেউ বলেছে, “মেয়ে মানুষ ঘর চালায়, তাঁকে ভোট দেবেন?” কেউ বলেছে, “মেয়ে কীভাবে পৌরসভা পরিচালনা করবে? তাঁদের রাজনীতিতে আসা ঠিক না।” তবে জনগণ ঠিকই আমার পক্ষে ছিল।’মেয়র পদে বিএনপি-সমর্থিত একমাত্র নারী প্রার্থী: চাঁদপুরের ছেঙ্গারচর পৌরসভায় মেয়র পদে বিএনপি সমর্থন দিয়েছিল আমেনা বেগমকে। তিনি আগের দুবার মেয়র ছিলেন। তবে ভোট গ্রহণের দিন (মঙ্গলবার) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। এ বিষয়ে তাঁর বক্তব্য জানার চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।প্রতিপক্ষের হামলার শিকার রোকসানা পারভীন: কক্সবাজার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হয়েছেন রোকসানা পারভীন। নির্দলীয় এই প্রার্থী মাঠে নেমে উত্তাপ টের পাচ্ছেন। নির্বাচনী প্রচার চালানোর সময় তাঁর ওপর হামলাও হয়েছে।রোকসানা পারভীন প্রথম আলোকে বলেন, ‘চরপাড়ার সমিতিপাড়া বাজারে বক্তব্য দেওয়ার সময় দুঃখের কথা বলতে বলতে কেঁদে ফেলেছি। হঠাৎ স্থানীয় ছাত্রশিবিরের ক্যাডাররা আমার পথসভায় ঢিল ছুড়তে শুরু করে। আমি তখন মাইকে বললাম, আমি মরব, কিন্তু আমার প্রতিবাদী কণ্ঠ কেউ বন্ধ করতে পারবে না।’ তিনি অভিযোগ করেন, শিবিরের ক্যাডাররা তাঁর পোস্টার ছিঁড়ে ফেলছে, ঘরে ঘরে গিয়ে তাঁকে ভোট না দিতে হুমকি দিচ্ছে।দলের সমর্থন না পেয়েও প্রার্থী: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভায় মেয়র পদে দলের সিদ্ধান্তের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমেনা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূর হবে না। আমি রাজনীতিতে নেমেছি। আমাদের গরুর মতো খাটাবে, কিন্তু মূল্যায়ন করবে না—এটা কোনো কথা হতে পারে?’ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন চেয়েছিলেন সংরক্ষিত সাবেক কাউন্সিলর শাহনাজ পারভীন। সমর্থন না পেয়ে তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হয়েছিলেন। তবে ভালো করতে পারেননি। তিনি বলেন, ‘ভোট দেওয়ার ক্ষেত্রে নারীদের স্বাধীনতা নেই। তাঁরা ভোট দেন বাবা, স্বামী, ভাই বা ছেলের কথায়। আমি পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি—অনেকেই এটা মেনে নিতে পারেনি। তবে আমি রাজনীতিতে এসেছি, করে যাব।’নিজের সুবিধার জন্য স্ত্রীকে প্রার্থী করেছেন স্বামী: কক্সবাজারের মহেশখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন মকসুদ মিয়া সিকদার। কিন্তু আওয়ামী লীগ সমর্থন দিয়েছে সরোয়ার আজমকে। দলীয় সিদ্ধান্ত না মেনে মকসুদ মিয়া নিজে প্রার্থী হয়েছেন, তাঁর স্ত্রী মর্জিনা আকতারকেও প্রার্থী করেছেন। এই পৌরসভাসহ কক্সবাজারের চারটি পৌরসভায় ২৭ জানুয়ারি ভোট গ্রহণ হবে।মকসুদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার মনোনয়ন নিয়ে অনেকে গণ্ডগোল করতে চাইছেন। আমি যদি শেষ পর্যন্ত নির্বাচন করতে না পারি, তাহলে আপনার ভাবি নির্বাচন করবেন।’বরগুনার পাথরঘাটায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন মো. আইয়ুব। তিনি একই পদে দাঁড় করিয়েছিলেন স্ত্রী তাসলিমা আইয়ুবকে। তবে স্ত্রীকে রাজনীতিতে নামানোর জন্য নয়, এটি করেছেন ভোটের দিন সুবিধা পাওয়ার আশায়। নির্বাচনে জামানত হারিয়েছেন তাসলিমা।মো. আইয়ুব বলেন, ‘কেউ প্রার্থী হলে ভোটকেন্দ্র ও ভোট গণনার সময় তাঁর এজেন্ট থাকে। এই সুবিধার জন্যই তাঁকে প্রার্থী করা।’চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় আওয়ামী লীগের সমর্থন না পেয়ে মেয়র পদে দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নূরুল আনোয়ার। স্ত্রী বিলকিস বেগমকেও প্রার্থী করেছিলেন। দুজনেই হেরে গেছেন।আরও যাঁরা প্রার্থী: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে নির্বাচন করেন উপজেলা জাসদের যুগ্ম সম্পাদক আরতি রানী সিংহ রায়। তিনি বলেন, ‘এবার দ্বিতীয়বারের মতো প্রার্থী হয়েছি। তবে রাজনীতি নারীর জন্য খুব কঠিন। আমাদের সমাজের মানুষেরা নারীদের অবমূল্যায়ন করেন। নারীদের রাজনীতি, নির্বাচনে অংশগ্রহণকে অনেকেই পছন্দ করেন না।’বাগেরহাট পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাছিমা পারভীন। তবে তিনি তেমন গণসংযোগ করেননি।