খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের তিন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারেন। ওই তিন প্রার্থীও তেমনই আভাস দিয়েছেন। সে ক্ষেত্রে অবশিষ্ট তিন প্রার্থীর মধ্যে এখানে ত্রিমুখী লড়াই হতে পারে।মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেক, নগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, নগর বিএনপির উপদেষ্টা সেকেন্দার জাফরুল্লাহ খান, মুসলিম লীগের নগর সভাপতি শেখ সিরাজুল ইসলাম এবং জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম।বিএনপির একটি সূত্রে জানা গেছে, বর্তমান সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে ১৮-দলীয় জোট। এ জন্য বিজয় নিশ্চিত করতে জোট চাইছে তাদের পক্ষ থেকে কোনো একজন একক প্রার্থী হোন। এ লক্ষ্যে জোট ও সমমনাদের নিয়ে খুলনায় ‘জাতীয়তাবাদী নাগরিক ফোরাম’ গঠিত হয়েছে। মুসলিম লীগের নগর সভাপতি ও মেয়র প্রার্থী সিরাজুল ইসলামকে ফোরামের প্রধান করা হয়েছে। ফোরাম থেকে বিএনপি নেশতা মনিরুজ্জামানকে একক প্রার্থী ঘোষণা দিয়ে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে জেলা বিএনপির দুই নেতা শফিকুল আলম ও সেকেন্দার জাফরুল্লাহ খান এবং মুসলিম লীগের নেতা শেখ সিরাজুল ইসলাম প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন। ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।জানতে চাইলে বিএনপির নেতা শফিকুল আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমি তো সব সময় বলেছি, দল যদি প্রার্থিতা প্রত্যাহার করতে বলে তাহলে আমি অবশ্যই করব। এখন তেমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।’নগর বিএনপির উপদেষ্টা সেকেন্দার জাফরুল্লাহ খান বলেন, ‘দল ঢাকা থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। আমার প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনা আছে।’মুসলিম লীগের নেতা মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘খুলনার বৃহত্তর স্বার্থে ১৮ দল তথা নাগরিক ফোরামের প্রার্থী মনিরুজ্জামানকে নির্বাচিত করা দরকার। তাই আমার প্রার্থিতা প্রত্যাহার করে নেব।’ওই তিন নেতা যদি নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন, তাহলে মেয়র পদে লড়াই হবে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক, বিএনপির মো. মনিরুজ্জামান ও জাতীয় পার্টির শফিকুল ইসলামের মধ্যে।