মেয়র পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে ১০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ উপলক্ষে সকাল থেকেই কুমিল্লা টাউন হলে রিটার্নিং কর্মকর্তার দপ্তর ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকদের ভিড় লক্ষ করা যায়।স্থানীয় সূত্রগুলো বলছে, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র মো. মনিরুল হকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর দুজনই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।আগামী ৪ ও ৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর ১৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন হবে আগামী ৫ জানুয়ারি।রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, নির্বাচনের ২১ দিন আগে প্রার্থীরা প্রচারে নামতে পারবেন। মেয়র পদে যাঁরা: আফজল খান এবং মো. মনিরুল হক ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নূর-উর রহমান মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান। এ ছাড়া মো. সালমান সাঈদ, শিরিন আক্তার, মো. মামুনুর রশিদ, চঞ্চল কুমার ঘোষ ও মো. হাসানুল আলম নামে পাঁচজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র কিনেও জমা দেননি কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর মধ্যে আফজল খান আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন।এ ছাড়া কাউন্সিলর পদে ২৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৭০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।প্রতিক্রিয়া: গতকাল বিকেল তিনটায় মনোনয়নপত্র জমা দেন আফজল খান। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি মো. ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই, যুবলীগের সভাপতি শাহীনুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ পারভেজ খান। ওই সময় আফজল খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘কেন্দ্রীয় আওয়ামী লীগ কুমিল্লার সব সাংসদ ও নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে আমাকে একক প্রার্থী ঘোষণা করেছে। যে দুইজন পোলাপাইন প্রার্থী হয়েছে, তারা নিশ্চয়ই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবে। দলের দায়িত্ব ওদের সরিয়ে নেওয়া।’ তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। চাঁদাবাজি ও খুনখারাবির অভিযোগ নেই। যেসব পরিবার ভিকটিম হয়েছে বলে দাবি করছে, সাংবাদিকেরা তদন্ত করে তা বের করুন। ৬০ সাল থেকে রাজনীতি করে আসছি। যাঁরা প্রার্থী হয়েছে, তাদের অনেকেরই তখন জন্ম হয়নি।’মনিরুল হক বলেন, ‘দল নির্বাচনে অংশ না নিলেও জনগণের চাপে আমাকে নির্বাচন করতে হচ্ছে। পৌরসভার মেয়র থাকাকালে কুমিল্লাবাসী আমার কাছ থেকে ভালো কাজ পেয়েছে। তাই প্রার্থী হয়েছি।’এয়ার আহমেদ বলেন, ‘নির্বাচনের আগে সিটি করপোরেশন এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। একই সঙ্গে অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে।’ তিনি বলেন, ‘এ নির্বাচনে মেয়র পদে এমন প্রার্থী রয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, পারিবারিক সন্ত্রাস ও অস্ত্রবাজির অভিযোগ রয়েছে। কমিশনকে সেগুলো দেখতে হবে।’দ্বীন মোহাম্মদের সংবাদ সম্মেলন: কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী কাজী দ্বীন মোহাম্মদ গতকাল নগরের ফারুকী হাউসে সংবাদ সম্মেলনে জানান, তিনি এ নির্বাচনে লড়বেন না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন না করায় তিনি নির্বাচন থেকে সরে এসেছেন। কিন্তু জামায়াত-সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন থেকে সরে আসবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি। দোয়াত-কলম প্রতীকের জন্য: রিটার্নিং কর্মকর্তার কাছে ছয় মেয়র পদপ্রার্থী দোয়াত-কলম প্রতীকের জন্য আবেদন করেছেন। তাঁরা হলেন: মো. মনিরুল হক, এয়ার আহমেদ, আনিসুর রহমান, নূর-উর রহমান মাহমুদ, মো. সালমান সাঈদ ও চঞ্চল কুমার ঘোষ। অন্যদিকে আফজল খান চেয়েছেন আনারস প্রতীক, শিরিন আক্তার চেয়েছেন তালা এবং মো. হাসানুল আলম চেয়েছেন বই প্রতীক। রিটার্নিং কর্মকর্তা এ ব্যাপারে বলেন, সমঝোতা না হলে লটারির মাধ্যমে ওই প্রতীক বরাদ্দ দেওয়া হবে।