মেয়র পদে ২২ মনোনয়নপত্র বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার সিটি করপোরেশন নির্বাচনে গতকাল বুধবার বাছাই শেষে মেয়র পদে ২২জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। খুলনায় ছয়, রাজশাহীতে ছয় এবং বরিশালে পাঁচজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সিলেটে দুইজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে পাঁচজন বৈধতা পেয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবরসিলেট: মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় অসঙ্গতি পাওয়ায় সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাছিম হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। নাছিম হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ‘এমকম প্রিলিমিনারি’ এবং ছালাহ উদ্দিন ‘এসএসসি পরীক্ষার্থী’ উল্লেখ করেন। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, এ রকম তথ্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যথাযথ নয়। তাই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নাছিম হোসাইন বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি আপিল করব।’ ছালাহ উদ্দিন দাবি করেন, ‘আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছি। তাই শিক্ষাগত যোগ্যতা হিসেবে এ তথ্য উল্লেখ করেছিলাম এবং এ-সংক্রান্ত কাগজপত্র মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করেছিলাম। এর পরও আমার মনোনয়নপত্র অন্যায়ভাবে বাতিল করা হয়েছে।’ সংরক্ষিত নারী আসনের চারজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খুলনা: নগরের পাবলিক (জিয়া) হলে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তাঁদের বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া ১০টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪৫ জনকে বৈধ ও ত্রুটি থাকায় তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রাজশাহী: গতকাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সবগুলোই বৈধ ঘোষণা করা হয়। এ ছাড়া ১৭৬ কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজনের বাতিল হয়েছে। সংরক্ষিত ৬৯ জন প্রার্থীর মধ্যে দুটি বাতিল করা হয়েছে। বরিশাল: গতকাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঁচজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সবগুলো বৈধ ঘোষণা করা হয়। ওইদিন এক থেকে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।