মেয়র প্রার্থীদের মধ্যে কামরান সম্পদশালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে সবচেয়ে সম্পদশালী বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। তাঁর পরেই আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। মেয়র পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে কম সম্পদ স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সামসুজ্জামান জামানের। নির্বাচন কমিশনে দাখিল করা প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামার তথ্য অনুযায়ী, বদরউদ্দিন আহমদ কামরানের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য পাঁচ কোটি ১৬ লাখ ১২ হাজার ৬১২ টাকা। বার্ষিক আয় ১৫ লাখ ৪৯ হাজার ৯৮৮ টাকা। আয়ের উৎস—শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও মেয়র হিসেবে প্রাপ্ত ভাতা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত রয়েছে চার লাখ ৪৮ হাজার ৩৮৮ টাকার। ভাতা ১১ লাখ এক হাজার ৬০০ টাকা। হলফনামায় কামরানের পেশা উল্লেখ করা হয়েছে ‘বালু-পাথর সরবরাহকারী’। ২০০৮ সালে হলফনামায় পেশা দেখানো হয়েছিল পেট্রলপাম্পের মালিক। ২০০৮ সালের মেয়র নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী সে সময় কামরানের মোট সম্পদের পরিমাণ ছিল দুই কোটি ২১ লাখ ৫২ হাজার ১৭৭ টাকা। ওই সময় কারাগারে থাকায় তিনি আয়ের খাতগুলোর পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেননি বলে হলফনামায় উল্লেখ করেছিলেন। তবে হলফনামার হিসাব তুলনা করলে এবার তিনি দুই কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৪৩৫ টাকার সম্পদ বেশি দেখিয়েছেন। কামরান ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পদের মূল্য ৪১ লাখ ৫৯ হাজার ৯৫১ টাকা। এর মধ্যে স্ত্রীর নামে কৃষিজমি রয়েছে দুই লাখ ৯৭ হাজার ২৮৪ টাকার এবং অকৃষি জমি রয়েছে ১৩ লাখ ৩৭ হাজার ৬৬৭ টাকার। স্ত্রীর নামে ৭৫ হাজার টাকার একটি টিনশেড ঘরও রয়েছে। কামরানের নামে অকৃষি জমি রয়েছে ১৪ লাখ ৫০ হাজার টাকার এবং উত্তরাধিকারসূত্রে পাওয়া ১০ লাখ টাকা মূল্যের একটি দোতলা দালান। এই ভবনটির মূল্য গত হলফনামায়ও ১০ লাখ টাকা দেখানো হয়েছিল। কামরান ও তাঁর স্ত্রীসহ নির্ভরশীলদের নামে অস্থাবর সম্পদ আছে চার কোটি ৫৯ লাখ দুই হাজার ৬৭৭ টাকার। কামরান ও তাঁর স্ত্রীর নামে নগদ আছে ৭৪ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দুজনের হিসাবে রয়েছে দুই কোটি ৩৫ লাখ ৯১ হাজার ৩০৩ টাকা। স্ত্রী ও নির্ভরশীলদের নামে বন্ড, ঋণপত্র, শেয়ার ও সঞ্চয়পত্র বা স্থায়ী আমানত রয়েছে এক কোটি ৩২ লাখ ৪২ হাজার ৯৭০ টাকার। স্ত্রীর নামে সাড়ে ছয় লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে। নিজের ও স্ত্রীর নামে স্বর্ণ ও অন্য মূল্যবান ধাতু রয়েছে দুই লাখ ৯০ হাজার টাকার। তাঁদের ইলেকট্রনিকস সামগ্রী রয়েছে দুই লাখ ৮১ হাজার ৪০০ টাকার। উভয়ের আসবাব রয়েছে চার লাখ ৪৭ হাজার টাকার। ২০০৮ সালের হলফনামায় কামরানের সম্পদ বিবরণীতে নিজস্ব মালিকানায় দুটি সিএনজিচালিত অটোরিকশা, হবিগঞ্জের মাধবপুরের সেলিমপুরে যৌথ মালিকানায় পেট্রলপাম্প, গ্লোবাল লিংক লিমিটেড নামের একটি কোম্পানিতে আড়াই লাখ টাকা বিনিয়োগ, ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, এক লাখ টাকা নগদ, নিজের ১৫ তোলা ও স্ত্রীর ১০ তোলা স্বর্ণ থাকার কথা উল্লেখ ছিল। অর্থ ও সম্পদ বৃদ্ধি প্রসঙ্গে বদরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার উপার্জন, সিটি করপোরেশনের মেয়র হিসেবে পাওয়া সম্মানী এবং প্রবাসী আত্মীয়স্বজন ও বোনের উপহার থেকে এসব অর্থ পেয়েছি। এ অর্থের করও দেওয়া হয়েছে। টাকার পরিমাণ বৃদ্ধি অস্বাভাবিক কিছু না।’আরিফুল হক চৌধুরী: বিএনপির নেতা আরিফুল হক চৌধুরীর হলফনামা অনুযায়ী, তাঁর কৃষি খাত থেকে বার্ষিক আয় ৫৩ হাজার ৩৪৭ টাকা ও নির্ভরশীলদের আয় ৩০ হাজার টাকা, বাড়ি-অ্যাপার্টমেন্ট-দোকানভাড়া বাবদ মা, স্ত্রী ও নিজের আয় চার লাখ ১১ হাজার ৫০০ টাকা। নিজের নামে শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত তিন লাখ ১৩ হাজার ৫৯৯ টাকা এবং এ খাতে স্ত্রীর পাঁচ হাজার ৫৮৭ টাকা রয়েছে। এ ছাড়া, তাঁর মেয়ের মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে ভাড়া বাবদ আয় দেখানো হয়েছে ৯৬ হাজার টাকা। গত মেয়র নির্বাচনে আরিফুল হক চৌধুরী অংশ নেননি। আবদুল কাইয়ুম জালালী: তৃতীয় সম্পদশালী মেয়র পদপ্রার্থী হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম জালালী। তাঁর রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। এহসানুল মাহবুব জুবায়ের: আরেক প্রার্থী মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের বার্ষিক আয় দেখানো হয়েছে তিন লাখ টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ তিন লাখ ৩৭ হাজার ৫০০ টাকা এবং বন্ড, ঋণপত্র ও শেয়ার রয়েছে নয় লাখ ৫০ হাজার টাকার। তিন প্রার্থীর বার্ষিক আয়বদরউদ্দিন আহমদ কামরান: ১৫,১২,৬১২আরিফুল হক চৌধুরী: ৪,৬৪,৮৪৭এহসানুল মাহবুব জুবায়ের: ৩,০০,০০০