মেয়র প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী বেশি, নারী কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে ৭৫২ জন ব্যবসায়ী আর নারী মাত্র ১০ জন। নির্বাচন কমিশনে জমা দেওয়া ২১২টি পৌরসভার এক হাজার ৭৮ জন মেয়র পদপ্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য জানিয়েছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সুজন সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, অলিখিত দলগতভাবে নির্বাচন হওয়ায় মেয়র পদপ্রার্থীর সংখ্যা কমেছে। পৌরসভাপ্রতি মেয়র পদপ্রার্থীর সংখ্যা গড়ে মাত্র পাঁচজন। তবে এবারের নির্বাচনে শিক্ষিত প্রার্থীর সংখ্যা বেড়েছে। এসব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৩১৭ জন স্নাতক ডিগ্রিধারী। শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে, এমন প্রার্থীর সংখ্যা ২২০ জন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে মামলায় অভিযুক্ত এমন প্রার্থী ২৬.৬৩ শতাংশ এবং অতীতে মামলা ছিল এমন প্রার্থী ৬৮.০৭ শতাংশ। প্রার্থীদের মধ্যে ৫.৩০ শতাংশের বিরুদ্ধে হত্যা মামলা আছে। এসব তথ্য উপস্থাপন শেষে সুজনের সভাপতি মোজাফফর আহমেদ বলেন, তথ্য প্রদানের ক্ষেত্রে প্রার্থীরা আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছতার পরিচয় দিয়েছেন। আগের তুলনায় শিক্ষিত প্রার্থীর সংখ্যা বেড়েছে। তবে অভিযোগ আছে, গোপনে কালো টাকার ব্যবহার হচ্ছে। অলিখিতভাবে দলভিত্তিক নির্বাচন হওয়ায় প্রার্থীর সংখ্যা কমেছে বলে মন্তব্য করে তিনি বলেন, এ কারণে ভোটারদের যোগ্য প্রার্থী খুঁজে নিতে কষ্ট হবে। ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা বাড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এঁরা নির্বাচিত হলে জনগণকে সময় দেবেন কি না, সেটা নিয়ে সন্দেহ আছে।’ সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এস এম শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।