মেয়র প্রার্থীদের লড়াই
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ ও বিএনপির সম্ভাব্য তিন মেয়রপ্রার্থী নিজেদের মধ্যে লড়াই শুরু করেছেন। ভোটযুদ্ধের আগেই প্রার্থীরা দলের মনোনয়ন পেতে নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় মাঠে নেমেছেন। মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলের হাইকমান্ডের সঙ্গে লবিং-গ্রুপিং চালাচ্ছেন।পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষাণার পর থেকেই পাল্টে গেছে ধুনটের চিত্র। ১৩ ডিসেম্বর পৌর নির্বাচনে প্রার্থীদের মনোয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে এবার আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী মনোনয়ন দেবে। এ জন্য দলের হাইকমান্ড থেকে যোগ্য প্রার্থীর সন্ধান করা হচ্ছে। আওয়ামী লীগে দলের কাছে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন এ জি এম বাদশা, আশিকুর রশিদ, শরিফুল ইসলাম, মোজাহার আলী ও বনি আমিন।অন্যদিকে বিএনপিতে মেয়র প্রার্থীর মনোনয়ন নিয়ে এখনো কোনো দলীয় বৈঠক হয়নি। তবে দলের হাইকমান্ডের কাছে পৌর বিএনপির সভাপতি মেয়র আলীমুদ্দিন হারুন মণ্ডল, সাধারণ সম্পাদক আকতার আলম ও সদস্য শফিকুল ইসলাম খান মনোনয়ন চেয়েছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান টি আই এম নূরুন্নবী তারিক বলেন, ‘পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়নের বিষয় নিয়ে প্রাথমিকভাবে বৈঠক করেছি। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে জয়লাভ করার মতো প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।’উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম বলেন, দলের কেন্দ্রীয় নেতারা মেয়র প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করবেন। এ জন্য মনোনয়ন প্রত্যাশী তিনজন প্রার্থীর নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।