মেয়র সমর্থন নিয়ে আ.লীগের নতুন হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে বিরোধী দলের অংশ নেওয়ার সম্ভাবনা থাকায় নতুন করে হিসাব-নিকাশ করছে সরকারি দল আওয়ামী লীগ। মেয়র ও কাউন্সিলর পদে দলীয় একক প্রার্থী সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি।সূত্র জানায়, অধিকতর যোগ্য ও সম্ভাবনাময় প্রার্থী দেওয়ার জন্য মেয়র পদে চমক থাকতে পারে। আলোচনায় নেই এমন কাউকে এ পদে সমর্থন দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে জোট ও মহাজোটকে বিবেচনায় নেওয়া হতে পারে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাদের ডেকে নিয়ে সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর সমর্থনের ব্যাপারে দিকনির্দেশনা দেন। তাঁর নির্দেশে মহানগরের সাংসদ ও নেতাদের নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের টানা বৈঠক গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গতকাল তুরস্ক সফরে গেছেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রী তুরস্ক থেকে ফিরে মেয়র পদে প্রার্থিতা ঠিক করবেন। ১৪ এপ্রিল দেশে ফিরেই তিনি দলের সংসদীয় বোর্ডের বৈঠক করবেন। ওই বৈঠকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সংসদীয় বোর্ডে জাতীয় নির্বাচনের প্রার্থিতা ঠিক করা হলেও গুরুত্ব বিবেচনায় ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থিতা নিয়ে আলোচনা করা হবে। ১৯ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগেই প্রার্থিতা চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে। সূত্র জানায়, প্রধানমন্ত্রী ১৪ দল ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে কথা বলবেন। দলীয় কাউন্সিলর প্রার্থী ঠিক করার জন্য তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেন। সংশ্লিষ্ট ওয়ার্ড ও থানা কমিটির মতামতকে প্রাধান্য দিয়ে তিনি কাউন্সিলর প্রার্থী ঠিক করার কথা বলেন। ঢাকা দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগের নেতাদের মধ্যে প্রচারণা চালাচ্ছেন সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন, হাজি মোহাম্মদ সেলিম, শাহ আলম মুরাদ ও আওলাদ হোসেন। একইভাবে উত্তরে মাঠে রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মহানগর নেতা কামাল আহমেদ মজুমদার, নোয়াখালী আওয়ামী লীগের নেতা খন্দকার আজহারুল হক ও চিত্রনায়ক ফারুক। শরিক দলের মধ্যে উত্তরে জাসদের নেত্রী শিরীন আখতার এবং দক্ষিণে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতের বৈঠকে এই দুজনের প্রার্থিতা নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।সাংসদদের সঙ্গে বৈঠক: গতকাল রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ঢাকা মহানগর এলাকার দলীয় সাংসদ এবং মহানগরের নেতাদের নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রীর নির্দেশনা দলীয় সাংসদ ও মহানগর নেতাদের জানান। তিনি প্রতি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী ঠিক করার নির্দেশ দেন। সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা ও দলীয় সাংসদদের সৎ, যোগ্য ও ত্যাগী নেতা বাছাই করে একক প্রার্থী ঠিক করতে এখনই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।সূত্র জানায়, বৈঠকে সাংসদ ফজলে নূর তাপস বলেন, এই মুহূর্তে রাজধানীতে পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা প্রকট। এখন সিটি করপোরেশন নির্বাচন করা ঠিক হবে কি না, তিনি প্রশ্ন তোলেন। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আসন্ন বিভক্ত দুই সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই সরকারের বড় চ্যালেঞ্জ। প্রার্থী সমর্থন প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ঢাকা সিটি উত্তর ও দক্ষিণে এবার বিপুল সংখ্যক প্রার্থী অংশ নিতে যাচ্ছেন। এতে করে ঢাকাবাসী তাদের পছন্দের প্রার্থী বাছাই করার সুযোগ পাবে। আর প্রার্থী সমর্থনের ক্ষেত্রে তুরস্ক থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী দলের সংসদীয় বোর্ডের সভা করে সিদ্ধান্ত নেবেন। বিএনপির চমক দেওয়ার ঘোষণা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, রাজনীতিতে চমক বলতে কিছু নেই। যখন যেটা প্রয়োজন, তখন সে সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে রাজনীতি।আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হকসহ ঢাকা মহানগরের সব সাংসদ উপস্থিত ছিলেন।