মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাকে অপসারণ করে অবিলম্বে প্রশাসক নিয়োগের সুপারিশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ জন্য মেয়াদোত্তীর্ণ হলে সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান রেখে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধনেরও সুপারিশ করা হয়।জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী ও আশরাফ আলী খান অংশ নেন। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সর্বশেষ ২০০২ সালের ২৪ এপ্রিল ডিসিসির নির্বাচন হয়। পাঁচ বছর মেয়াদি এই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ১৪ মে। দেশের ছয়টি সিটি করপোরেশনের মধ্যে কেবল ডিসিসিই বর্তমানে মেয়াদোত্তীর্ণ।সভা সূত্র জানায়, সভায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ সংশোধনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, মেয়াদোত্তীর্ণ কোনো জনপ্রতিনিধি যাতে ক্ষমতায় না থাকতে পারেন, সে জন্য এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য বলা হয়েছে। কমিটির সভাপতি বিষয়টি উত্থাপন করেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনে এ সংক্রান্ত বিল উত্থাপন করা হবে। প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে।সভায় জানানো হয়, ডিসিসি ভেঙে দুটি সিটি করপোরেশন করা হচ্ছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, এ দুটির নাম হবে ঢাকা নর্থ সিটি করপোরেশন এবং ঢাকা সাউথ সিটি করপোরেশন। এ জন্যও আইন সংশোধন প্রয়োজন।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সংসদের আগামী অধিবেশনেই সিটি করপোরেশন আইন সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবং ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে দুটি সিটি করপোরেশন করার প্রস্তাব থাকবে।জানা যায়, স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করা হয়েছে। এই খসড়া সম্পর্কে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সদস্যদের মতামত চাওয়া হয়েছে। সংশোধিত আইন পাসের পর মেয়াদোত্তীর্ণ ডিসিসিতে একজন প্রশাসক নিয়োগ করা হবে। এরপর ডিসিসি ভেঙে দুটি সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হবে। মামলাজনিত জটিলতা এড়াতে আপাতত ৯০টি ওয়ার্ডের কোনোটিই ভাঙা হবে না।সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী গতকাল বলেন, শুধু ঢাকা সিটি করপোরেশন নয়, যেকোনো সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে প্রশাসক নিয়োগের বিধানের জন্য নতুন সংশোধনী প্রয়োজন। এ রকম বিধান থাকলে কেউ ঢাকার মেয়রের মতো পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আট বছর ক্ষমতায় থাকতে পারতেন না। দুর্নীতিও এত হতো না। ডিসিসিকে ভেঙে দুটি সিটি করপোরেশন করারও নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে। তিনি বলেন, মেয়র খোকাকে তাঁর পদ থেকে অপসারণ করতে আইনের প্রয়োজনীয় সংশোধন করতে বলা হয়েছে।জানা যায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৩(১) ও ৬ অনুচ্ছেদ সংশোধন করা হবে। বর্তমান আইনের ৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের অধীনে প্রতিষ্ঠিত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন হিসেবে গণ্য হবে। এ অনুচ্ছেদে সিটি করপোরেশনের সংখ্যা বাড়ানো হবে। ৬ অনুচ্ছেদ সংশোধিত হলে পাঁচ বছর মেয়াদ শেষে আপনা-আপনি পূর্ববর্তী পরিষদের অবসান হবে এবং পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে। অন্তর্বর্তী এই সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক আদেশ দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করতে পারবে। প্রশাসকের মেয়াদও ওই চিঠিতে উল্লেখ থাকবে। বর্তমান আইন অনুসারে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত সিটি করপোরেশনের প্রথম সভা না হওয়া পর্যন্ত মেয়র দায়িত্ব পালন করবেন।সভা শেষে কমিটির সদস্য আশরাফ আলী খান সাংবাদিকদের জানান, কেবল ঢাকা নয়, সব সিটি করপোরেশনেই প্রশাসক নিয়োগের বিধান রাখার কথা বলেছে কমিটি।