মেয়রের আশ্বাসে অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন অনশনের পর খুলনা সিটি করপোরেশনের মেয়রের আশ্বাসে আজ বৃহস্পতিবার অনশন ভেঙেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মেয়র ‘কারও ছাত্রত্ব নষ্ট করা হবে না’ মর্মে আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাঁদের অনশন কর্মসূচি তুলে নিতে রাজি হন।ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ক্যাম্পাসে একটি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এই শাস্তি প্রত্যাহারের দাবিতে গত রোববার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসবর্জন ও মৌন অবস্থান কর্মসূচি এবং সোমবার দুপুর থেকে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা দুইটার দিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক অনশনস্থলে যান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করার আহ্বান জানান এবং আপিল আবেদন সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে বিবেচনা এবং কারও ছাত্রত্ব নষ্ট না হওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি তুলে নিতে সম্মত হন।পরে মেয়র তালুকদার আবদুল খালেক ও উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ ফলের রস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান।এদিকে টানা চতুর্থ দিনের অনশনে আজ সব শিক্ষার্থীই অসুস্থ হয়ে পড়েছিলেন। সবাইকে স্যালাইন দেওয়া হয় এবং গুরুতর অসুস্থ ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনকে অক্সিজেন দেওয়া হয়। আজও ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, পোস্টার, ব্যানার নিষিদ্ধ ছিল এবং দুপুর পর্যন্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেননি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ দুপুর পর্যন্ত ওই ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৩০ জন আপিল আবেদন জমা দিয়েছেন। আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শাস্তি পাওয়া ব্যক্তিদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।