মেয়রের মাঠের এই হাল!
একদল শিশু খেলছে সড়কের ওপর। অথচ কাছেই রয়েছে একটি খেলার মাঠ। মাঠ ছেড়ে সড়কে খেলার কথা জিজ্ঞেস করতেই একজন বলল, ‘হেইডাই বুঝেন না? মাডে খেলমু ক্যামনে, খ্যালনের কি কোনো জায়গা আছে। পুরা মাডেই তো প্যাকে ভরা।’ শিশুটির কথার সত্যতা মেলে মাঠের ভেতরে ঢুকতেই। মাঠজুড়ে কাদাপানিতে সয়লাব হয়ে আছে। ছোট-বড় গর্ত তৈরি হয়েছে মাঠের ভেতরে। নদীর বুকে যেমন ছোট ছোট চর উঁকি দেয়, তেমনি কাদাপানির ফাঁকে ফাঁকে শুকনো জায়গার দেখাও মেলে। এটি পূর্ব ধোলাইখাল নতুন রাস্তাসংলগ্ন সাদেক হোসেন খোকা খেলার মাঠের চিত্র। খেলার অনুপযোগী হওয়ায় শিশুরা মাঠে না খেলে তাই সড়কে খেলছিল।মাঠের চারপাশের পায়ে চলার পথে ক্রিকেট খেলতে দেখা গেল আরও একটা দলকে। এদের একজন জাকির হোসেন জানায়, বর্ষাকাল এলেই মাঠে ক্রিকেট তো দূরে থাক, ফুটবল খেলতেও হিমশিম খেতে হয়। সে অভিযোগ করে, ওয়াকিং ওয়েতে খেলার জো নেই। আশপাশের বাসাবাড়ির জানালা দিয়ে মাঠের দিকে ময়লা ছুড়ে ফেলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দার কাছে মাঠের দুর্দশার কারণ জানতে চাওয়া হলে তিনি আক্ষেপের সুরে জানান, খেলার মাঠটিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। মাঠে কয়েক ট্রাক বালু ফেললেই শিশুরা খেলতে পারত।সাদেক হোসেন খোকা খেলার মাঠে ঢোকার জন্য একটি ফটক থাকলেও সেটি দীর্ঘদিন ধরে ভাঙা। মাঠে খেলতে আসা খেলোয়াড়েরা অবশ্য এ ফটক দিয়ে প্রবেশ করে না। কারণ, মাঠের এক কোনায় দেয়ালই নেই। কে অযথা কাদাপানি পেরিয়ে ফটক দিয়ে ঢুকবে। এলাকাবাসীর অভিযোগ, মাঠটি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য কেউ নেই। তাই রাতে মাঠে অবাঞ্ছিত লোকদের আনাগোনা দেখা যায়। উঠতি বয়সের অনেক বিপথগামী রাতের বেলায় মাঠে মাদকের আড্ডা বসায়।খেলার মাঠ প্রসঙ্গে ৭৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম জানান, এ বছর বেশ কয়েকবার মাঠে বালু ফেলা হয়েছে; কিন্তু বৃষ্টির কারণে কাজের কাজ কিছুই হয়নি। তিনি আশ্বাস দেন, দ্রুত আবার কয়েক ট্রাক বালু ফেলা হবে। মাঠের পানি নিষ্কাশনের ব্যাপারে তিনি বলেন, ‘মাঠের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ-ব্যবস্থা রয়েছে, কিন্তু দীর্ঘদিন তা পরিষ্কার না করায় বন্ধ হয়ে গেছে।’ মাঠটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।