মেয়রের সড়কও বেহাল!
‘আমগো চলতে হয় ক্যাঙ্গারুর মতো লাফাইয়া লাফাইয়া। কাদাপানির জন্য রাস্তায় চলতে গেলেই অশান্তি।’ বলছিলেন দক্ষিণ কমলাপুরের বাসিন্দা মোহসিন উদ্দিন। তাঁর অভিযোগ বেহাল সাদেক হোসেন খোকা সড়ক নিয়ে। এ সড়কের ভাঙা অংশে জমে থাকা পানি পার হওয়ার আগে দুই হাত দিয়ে প্যান্টের নিচের অংশ গোটাচ্ছিলেন তিনি।দক্ষিণ কমলাপুরের সাদেক হোসেন খোকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। এ সড়কের বেশির ভাগ জায়গা ভাঙা। পিচের ঢালাই উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলেই গর্তে পানি জমে। ফলে পথচারীদের পড়তে হয় বেকায়দার। কাদাপানি বাঁচিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটারও কোনো উপায় নেই। কারণ, রাস্তার পাশ দখল করে থাকে সারি সারি বাস ও খালি কনটেইনার।সড়কের পাশের শাহীন মোটর টেইলারিং হাউসের স্বত্বাধিকারী সিরাজ মিয়ার অভিযোগ, ‘বর্ষার প্রথম দিক থেকেই সড়কটি বেহাল। দোকানে বসে সব সময় আতঙ্কে থাকি, এই বুঝি এখান দিয়ে কোনো গাড়ি যাওয়ার সময় সড়কে জমে থাকা নোংরা কাদাপানি ছিটিয়ে দিয়ে যায় দোকানে।’দক্ষিণ কমলাপুরের স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, ‘এ সড়ক দিয়ে চলার সময় পথচারীরা প্রায়ই চিত-কাত হয়ে পড়ে যায়। তখন হাসি পায় আবার কষ্টও লাগে। ডিসিসির মেয়র আর এ ওয়ার্ডের কাউন্সিলরের বাসা এ মহল্লায়ই। তাঁরা কি এই ভাঙা রাস্তার খবর জানেন না? সড়কের ভাঙা অংশটুকু মেরামত করতে কত টাকাই বা লাগবে।’ভাঙা সড়কের পাশেই রয়েছে গাড়ি সারাইয়ের গ্যারেজ এ কে অটোমোবাইলস। কথা হয় এখানে কর্মরত ইঞ্জিন মেকানিক সাদ্দামের সঙ্গে। তিনি জানান, ভাঙা রাস্তার কারণে এখানে সব সময়ই যানজট লেগে থাকে। ফলে, গাড়ি সারাই করার জন্য গাড়ি নিয়ে গ্যারেজে আসতে চালকদের অসুবিধা হয়। তাই গ্যারেজে অনেকেই আসতে চায় না।সাদ্দাম আরও জানান, এ সড়ক দিয়ে রিকশায় করে যাওয়ার সময় প্রায়ই যাত্রীরা রিকশাসহ উল্টে পড়ে। তখন দৌড়ে গিয়ে কাদাপানি থেকে তাদের তুলে আনতে হয়। সবচেয়ে বেকায়দায় পড়ে মহিলা আর শিশু পথচারীরা। কারণ, তারা তো আর লাফিয়ে কাদাপানি বাঁচিয়ে যেতে পারে না।দক্ষিণ কমলাপুরের সাদেক হোসেন খোকা সড়ক কেন মেরামত করা হচ্ছে না—জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন সিদ্দিকী জানান, বৃষ্টির কারণে পানি জমে থাকায় মেরামতের কাজ শুরু করা যাচ্ছে না। পানি শুকিয়ে গেলে কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। সাদেক হোসেন খোকা সড়কের বিষয়ে অভিযোগ নম্বর: ৭২১৪৬৮২ (নির্বাহী প্রকৌশলী, অঞ্চল ৪, ডিসিসি)।