সংবিধান সংশোধন বিলের প্রতিবেদন উত্থাপন
মেয়াদ-পূর্ববর্তী ৯০ দিনে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন
সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১ সংক্রান্ত প্রতিবেদন আজ বুধবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রতিবেদনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং তার অধীনে নির্বাচনের বিধান রাখা হয়েছে।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে রাব্বী মিয়া সংসদে প্রতিবেদনটি উপস্থাপন করেন। এর কিছুক্ষণ পর সংসদে যোগ দিয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত প্রতিবেদনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ প্রতিবেদন আগামী প্রজন্মের জন্য অমূল্য ঐতিহাসিক দলিল।কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তীকালীন এ সরকারব্যবস্থা ’৭২-এর সংবিধানেই আছে। এটি ভেলিড, এটি আছেই। সংবিধানের ১১৮ থেকে ১২৬ পর্যন্ত অনুচ্ছেদ অন্তর্বর্তীকালীন সরকারের। অর্থাত্ নির্বাচনটি করার অধিকার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। সেই নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। নির্বাচন কমিশন যা চাইবে, রাষ্ট্রপতি সে সাহায্য করবেন।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সে সময় যে সরকার থাকে সে সরকার রুটিন কাজ করবে। দৈনন্দিন কাজের বাইরে সে সরকার কোনো নীতি নিতে পারবে না। ওই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা নির্বাচন করতে পারবেন। প্রধানমন্ত্রী, বিরোধী নেতা সবাই থাকবেন। প্রতিবেশী রাষ্ট্র ভারতসহ সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোয় এ বিধানই রয়েছে। সরকার রুটিন কাজের অংশ হিসেবেই পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে।বিলের ওপর কমিটির প্রতিবেদনে ৭২ অনুচ্ছেদের উপদফায় একটি সংশোধনী দেওয়া হচ্ছে। সংসদের অধিবেশনে বসার ৬০ দিনের বাধ্যবাধকতা সব সময় প্রযোজ্য হবে, শুধু সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের বেলায় প্রযোজ্য হবে না। ফলে ওই সময় সংসদ থাকলেও অধিবেশন বসবে না। প্রতিবেদনে ১২৫ অনুচ্ছেদে নতুন একটি দফা যুক্ত করা হবে। তফসিল ঘোষণা থেকে ফল গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশনে শুনানি না করে কোনো মামলা যেন আমলে আনা না হয়।প্রসঙ্গত, গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপিত হয়। স্পিকার আবদুল হামিদ ওই দিন বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে উত্থাপনের জন্য স্থায়ী কমিটিতে পাঠান। ৮ জুন কমিটির প্রতিবেদন আকারে সুপারিশগুলো সংসদে উপস্থাপন করেন। ২০ জুন তা বিল আকারে উপস্থাপনের জন্য অনুমোদন দেয় মন্ত্রিসভা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করে ২৫ জুন সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপন করা হয়।