মেয়াদ ফুরালেই প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদ শেষে দেশের সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১-এ এই বিধান যুক্ত করা হয়েছে। এ-সংক্রান্ত কমিটির প্রতিবেদন গতকাল সোমবার সংসদে উপস্থাপন করা হয়েছে।২০০৯ সালের আইনের ৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধি না হওয়া পর্যন্ত মেয়র দায়িত্ব পালন করবেন। কিন্তু সংশোধনীতে এই বিধান বাতিল করা হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী প্রতিবেদনটি সংসদে উপস্থাপন করেন। আজ মঙ্গলবার বিলটি পাস হওয়ার কথা রয়েছে। কমিটির সভাপতি রহমত আলী দেশের বাইরে থাকায় কমিটির একজন সদস্য এই প্রতিবেদন উপস্থাপন করেন।এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান করে একটি খারাপ নজির সৃষ্টি করা হলো। সিটি করপোরেশনে এ বিধান করলে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদেও করতে হবে। তোফায়েল আহমেদ বলেন, এটা করতে গিয়ে সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতার প্রতিই সমর্থন জানাল কি না, সে প্রশ্নও উঠবে। তা ছাড়া নির্বাচন তো না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের কাজই হলো নির্বাচন করা। সরকারের উচিত সহায়তা করা। সরকার তা না করে কেন প্রশাসক নিয়োগের উদ্যোগ নিল, তা বোধগম্য নয়।প্রস্তাবিত বিলে ২৫(১) অনুচ্ছেদ সংশোধন করে সব সিটি করপোরেশনে মেয়াদ শেষে ‘উপযুক্ত’ যেকোনো ব্যক্তিকে প্রশাসক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। নতুন সিটি করপোরেশনে প্রশাসকের মেয়াদ হবে ১৮০ দিন আর পুরোনো বা বিভক্ত সিটি করপোরেশনে মেয়াদ হবে ৯০ দিন। এই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে।ফলে প্রস্তাবিত আইন অনুসারে প্রশাসক নিয়োগের ৯০ দিনের মধ্যে বিভক্ত হওয়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। আর আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত হবে। একই সঙ্গে বর্তমানে দায়িত্বরত মেয়র ও কাউন্সিলররা তাঁদের পদ হারাবেন।বিলে উপযুক্ত কর্মকর্তা নিয়োগের বিধান বহাল রেখে শুধু ‘প্রথম শ্রেণী’ শব্দটি তুলে দেওয়া হয়েছে। ফলে যেকোনো সরকারি কর্মকর্তা প্রশাসক হতে পারবেন।প্রস্তাবিত বিলে ২০০৯ সালের আইনের ৬ অনুচ্ছেদ সংশোধন করা হয়েছে। ৬ অনুচ্ছেদের ‘সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও, উহা পুনর্গঠিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিয়া যাইবে।’ এই অংশটুকু বিলুপ্ত করা হয়েছে। ফলে নির্বাচিত প্রতিনিধির আর পরবর্তী নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের সুযোগ থাকল না।আইনের ২৫(১) অনুচ্ছেদ সংশোধন করে বলা হয়েছে, ‘এ আইনের অধীন কোনো নতুন সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হলে অথবা বিভক্ত করা হলে অথবা কোনো সিটি করপোরেশন মেয়াদোত্তীর্ণ হলে, সরকার সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত উহার উপযুক্ত কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করতে পারবে।’এই অনুচ্ছেদ অনুসারে সব সিটি করপোরেশনেই প্রশাসক নিয়োগের বিধান করা হলেও মেয়াদ ভিন্ন রাখা হয়েছে। আইনের ২৫(৪) অনুচ্ছেদ সংশোধন করে প্রশাসকের মেয়াদ নতুনের জন্য ১৮০ দিন রাখা হয়েছে। মেয়াদোত্তীর্ণ এবং ভেঙে দেওয়া সিটি করপোরেশনে প্রশাসকের মেয়াদ রাখা হয়েছে ৯০ দিন।বিলটি পাস হলে সিটি করপোরেশন আইনের কিছু পরিবর্তনের বাইরে বর্তমান ডিসিসি ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন’ এবং ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ নামে দুটি আলাদা করপোরেশনে উন্নীত হবে। ডিসিসিকে দুই ভাগ করতে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০১১’ গত বুধবার সংসদে উত্থাপিত হয়।নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা সিটির বিভাজনটা অপ্রয়োজনীয় ছিল। সরকার এ কাজ করে সমস্যা সামাধানের কথা বললেও আসলে এটি করে সমস্যা আরও বাড়বে। তিনি বলেন, নগর কর্তৃপক্ষকে আরও শক্তিশালী করা প্রয়োজন ছিল। কিন্তু তা না করে সরকার বিভাজনের পথে গেল, যা দুর্ভাগ্যজনক।