মেয়াদ বাড়ছে, ভর্তুকির চাপও থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার একের পর এক ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়িয়ে চলেছে। এখন পর্যন্ত সাতটি কেন্দ্রের মেয়াদ এক বছর করে বাড়ানো হয়েছে। এ সাতটি কেন্দ্র থেকে এক বছর বিদ্যুৎ কিনতে সরকারের ব্যয় হবে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা।এর ফলে অত্যধিক দামের বিদ্যুৎ বেশি দিন ধরে কিনতে হবে। তাতে উৎপাদন ও জীবনযাত্রার ব্যয় যেমন বাড়বে, তেমনি সরকারের ভর্তুকির ওপরও অস্বাভাবিক চাপ পড়বে। চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সব মিলিয়ে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে তিন হাজার ৮৫০ কোটি টাকা। নতুন করে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর কারণে সামনের দিনগুলোতে ভর্তুকির পরিমাণ আরও বাড়বে। এ কারণে অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই এর বিরূপ প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের অভিমত। কেননা, সরকার ভর্তুকির বোঝা পরের বছরেও নিয়ে যাচ্ছে। বড় কেন্দ্রগুলো চালু করতে ব্যর্থতার কারণেই এমনটি ঘটছে।সরকারি সূত্র জানায়, ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক ওই সাতটি ছাড়া অন্যান্য কেন্দ্রের মেয়াদও বাড়ানো হচ্ছে। মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রগুলোকে ভর্তুকি মূল্যে জ্বালানি সরবরাহসহ সব শর্ত এবং তাদের কাছ থেকে কেনা বিদ্যুতের দাম মূল চুক্তিতে যেমন ছিল, তেমনই রাখা হয়েছে।অর্থনীতিবিদ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মূল চুক্তির শর্তে বর্ধিত সময়ে বিদ্যুৎ কেনা হলে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ, যে কেন্দ্রটি তিন বছর বিদ্যুৎ সরবরাহ করার চুক্তিতে স্থাপন করা হয়েছিল, সেটিতে উৎপাদিত বিদ্যুতের দাম, বিনিয়োগের বিপরীতে ক্যাপাসিটি চার্জ (বিদ্যুৎ না কিনলেও নির্দিষ্ট হারে বিনিয়োগকারীকে অর্থ দিতে হয়) নির্ধারণ—সবই করা হয়েছিল চুক্তির মেয়াদ তিন বছর ধরেই। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, তিন বছর মেয়াদে চুক্তিবদ্ধ একটি বিদ্যুৎকেন্দ্রের সব আয়-ব্যয় হিসাব করা হয়েছে ওই সময়সীমা ধরেই। সে ক্ষেত্রে চুক্তির মেয়াদ বাড়ানো হলে দামসহ অন্যান্য শর্ত আগের মতোই কেন থাকবে, সে বিষয়টি সরকারের স্পষ্ট করে বলা উচিত। না হলে অস্পষ্টতা বা অস্বচ্ছতা থেকে যায়। কেননা, দাম বা ভর্তুকির বোঝাটাও বেশি দিন ধরে বইতে হবে।সরকারের বিদ্যুৎ খাত পরিকল্পনা ও পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছর (২০১২) থেকে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ কেনার পরিমাণ কমে আসার কথা। অর্থাৎ, এসব কেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, গ্যাস ও কয়লাভিত্তিক বড় কেন্দ্রগুলো স্থাপনে ব্যর্থতার কারণে ২০১২ সালে তো নয়ই, ২০১৩ সালেও এ ধরনের কোনো কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করা সম্ভব হবে না। এই অবস্থায় ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর মেয়াদ বাড়ানো ছাড়া সরকারের কোনো বিকল্প নেই। ফলে বিদ্যুৎ পাওয়া গেলেও এর দায় বহন করে যেতেই হচ্ছে। এ দায়ের কারণেই ২০১১ সালে অর্থনীতিতে আর্থিক সংকট দেখা দিয়েছিল।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেন, বড় কেন্দ্রগুলো স্থাপনের কাজ পিছিয়ে যাওয়ায় সরকার বাধ্য হচ্ছে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রের মেয়াদ বাড়াতে। কিন্তু এ ক্ষেত্রে বিদ্যুতের দাম ও অন্যান্য শর্ত পর্যালোচনা করে চুক্তির মেয়াদ বাড়ানো উচিত। কারণ, এসব কেন্দ্রে বিনিয়োগকারীদের মুনাফাসহ মূলধন চুক্তিবদ্ধ সময়ের মধ্যেই উঠে এসেছে।সরকারের পরিকল্পনা ছিল, তিন থেকে পাঁচ বছরের মধ্যে গ্যাস ও কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদনে আসবে। কিন্তু বিশ্বব্যাংকসহ অর্থলগ্নিকারী সংস্থাগুলোর প্রতিশ্রুত সহায়তা না পাওয়া এবং এ খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ না হওয়ায় ওই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এ কারণে প্রতিটি ৪৫০ মেগাওয়াট ক্ষমতার বিবিয়ানা-২ ও মেঘনাঘাট-২ কেন্দ্রের বাস্তবায়ন অন্তত এক বছর পিছিয়েছে। বিবিয়ানা-১ এখনো অনিশ্চিত অবস্থায় আছে। সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াটের জন্যও অর্থ পাওয়া যাচ্ছে না। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে স্থাপনের প্রক্রিয়াধীন কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রও অনিশ্চিত। ভারত থেকে বিদ্যুৎ আমদানিও প্রায় এক বছর পিছিয়েছে। কয়লাভিত্তিক অন্য কোনো কেন্দ্র স্থাপনেও অগ্রগতি আশানুরূপ নয়।ফলে বিদ্যুতের জন্য নির্ভর করতে হচ্ছে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর ওপরই। পিডিবি সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের শেষভাগ থেকে ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলো থেকে প্রতিদিন এক হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত স্থাপিত ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রগুলোর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাও প্রায় ওই পরিমাণই। পিডিবির সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম বলেন, ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনা প্রলম্বিত করে উৎপাদন ব্যয় বাড়াচ্ছে সরকার। আর এর দায় চাপানো হচ্ছে গ্রাহকের ওপর। এখনো প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে বিদ্যুতের দাম আরও বাড়ানোর কথা। এটা গ্রহণযোগ্য নয়।ভাড়াভিত্তিকের অর্থনীতি: গেল বাজেটে দেওয়া সরকারের পথনকশা অনুযায়ী, আগামী তিন বছরে ২৭টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হবে।ভাড়ায় আনা যে কেন্দ্র স্থাপন করা হয়েছে তা কত বছরের জন্য স্থাপন করা হয়েছে, তার ওপর নির্ভর করেও খরচ বাড়ছে। যে কেন্দ্র তিন বছরের জন্য, তার খরচ বেশি। আর যে কেন্দ্রের চুক্তি বেশি দিনের, তার খরচ কম। যেমন, সিদ্ধিরগঞ্জে ১০০ মেগাওয়াটের দুটি কেন্দ্র আছে; যার একটি তিন বছরের, অন্যটি পাঁচ বছরের চুক্তিতে স্থাপিত। গত ফেব্রুয়ারি মাসে তিন বছরেরটিতে প্রতি ইউনিটের দাম পড়েছে ২২ টাকা ৭৭ পয়সা। পাঁচ বছরেরটিতে দাম ১৬ টাকা ৪৫ পয়সা। কাজেই প্রথমেই তিন বছর না করে পাঁচ বছরের চুক্তি করলে খরচ অনেক কমে যেত। ১০টি দ্রুত ভাড়াভিত্তিক কেন্দ্রের মার্চ মাসের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, এর জন্য ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে ১১২ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৩০৯ টাকা। আর বিদ্যুৎ কম নেওয়ায় জ্বালানি খরচ হয়েছে চার কোটি ৭২ লাখ ১৯ হাজার ৫৫ দশমিক ৩৬ টাকা। কাজেই সব ক্ষেত্রে জ্বালানি খরচের জন্যই বেশি ব্যয় হয় না।খুলনা ৫৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে এপ্রিল মাসে এক ইউনিটও বিদ্যুৎ উৎপাদন হয়নি। তবু ওই মাসে তাদের শোধ করা হয়েছে ১০ লাখ ৭১ হাজার ৯০২ ডলার বা আট কোটি ৭৫ লাখ ৭৪ হাজার ৪৫১ টাকা। এমন উদাহরণ আরও আছে।ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদনের ওপরও দাম নির্ভর করে। কম উৎপাদন করলে দাম বেশি পড়ে। বেশি উৎপাদন করলে দাম হয় অপেক্ষাকৃত কম। ক্যাপাসিটি চার্জ নির্ধারিত (ফিক্সড) করা আছে বলেই এমন হয়। পাগলা ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে গত এপ্রিল মাসে প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়েছে ৪১ টাকা ৪০ পয়সা। অথচ ফেব্রুয়ারি মাসে প্রতি ইউনিটের দাম পড়েছে ৫৮ টাকা ০৭ পয়সা।