মেয়াদ বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলার মেয়াদ বাড়ানোর দাবিতে অটল থাকলেন প্রকাশকেরা। গত শনিবার তাঁরা মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর আবেদন করেছিলেন বাংলা একাডেমী কর্তৃপক্ষের কাছে। কর্তৃপক্ষ তাতে সম্মত হয়নি।গতকাল রোববার লেখক কুঞ্জে সংবাদ সম্মেলন করে প্রকাশকেরা ফের মেলার মেয়াদ বাড়ানোর দাবি তুললেন। কেবল দুই দিনেই সন্তুষ্ট নন কেউ কেউ। শাহবাগের আন্দোলন যত দিন চলবে, মেলাও তত দিন চালানোর দাবি উঠল সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে প্রকাশকেরা বলেন, বইমেলা যারা মাতিয়ে রাখে, সেই তারুণ্যই এবার শাহবাগে মৌলবাদ-জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে আন্দোলনের চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ফলে তাঁরা মেলার প্রতি তেমন মনোযোগী হতে পারেননি। বেচাকেনায় অত্যন্ত মন্দা। ঘাটতি পুষিয়ে নিতে মার্চের ১ ও ২ তারিখ মেলার মেয়াদ বাড়ানোর দাবি করেন তাঁরা।মেয়াদ বাড়বে না: একাডেমীর মহাপরিচালক জানালেন, বেচাকেনায় মন্দা হয়েছে বলে প্রকাশকেরা দাবি করেছেন। কিন্তু বাস্তব কারণেই মেলার মেয়াদ বাড়ানো সম্ভব হবে না। মেলা পরিচালনার সঙ্গে নিরাপত্তা বাহিনীসহ অনেক সংস্থার সমন্বয় রয়েছে। একাডেমী এককভাবে চাইলেই মেলার মেয়াদ বাড়াতে পারে না। তিনি জানান, মেলা নির্ধারিত তারিখেই শেষ হবে। তবে শেষের দুই দিন অর্থাৎ ২৭ ও ২৮ ফেব্রুয়ারি দুই দিন সময় বাড়িয়ে দেওয়া হবে। মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।পুরস্কার: গতকাল বিকেলে মেলা মঞ্চে আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের বাংলা একাডেমী পুরস্কার বিতরণ করা হয়। শুভেচ্ছা বক্তব্যে মহাপরিচালক বলেন, বইয়ের সংখ্যা নয়, গুণগত মান বিচার করেই এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন কবিতায় সানাউল হক খান ও আবিদ আনোয়ার, কথাসাহিত্যে হরিশংকর জলদাস, প্রবন্ধে সনৎকুমার সাহা, গবেষণায় খোন্দকার সিরাজুল হক, অনুবাদে ফখরুল আলম, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে মাহবুব আলম, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশে তপন চক্রবর্তী এবং শিশুসাহিত্যে মাহবুব তালুকদার। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, যাঁরা পুরস্কার পেলেন, তাঁরা নানা ক্ষেত্রে বৈশিষ্ট্যপূর্ণ সৃষ্টির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন।মুজিব ভাই: প্রবীণ সাংবাদিক এবিএম মূসার লেখা মুজিব ভাই বইটি এসেছে প্রথমা প্রকাশনের স্টলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের সুযোগ হয়েছিল তাঁর। সেই অভিজ্ঞতাই তিনি বর্ণনা করেছেন এই বইয়ে। বর্তমান প্রজন্মের প্রতিনিধিদের সুযোগ হয়নি বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার। এই বইতে তাঁরা পাবেন এমন অনেক তথ্য ও ঘটনার বিবরণ, যাতে করে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখা ও জানার মতোই অভিজ্ঞতা লাভ করবেন।নতুন বই: গতকাল মেলায় নতুন বই এসেছে ৬১টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ছিল অ্যাডর্ন থেকে রেজাউর রহমানের বিজ্ঞানবিষয়ক পরজীবী বিদ্যা। অন্য প্রকাশ থেকে জ্যোতিপ্রকাশ দত্তের নারীবিষয়ক বিবি হাওয়ার আপনজন। নালন্দা থেকে মামুনুর রশীদের নাটক সমগ্র-দুই। অনিন্দ্য থেকে মঈনুল আহসান সাবেরের গল্পসমগ্র-পাঁচ। জাগৃতি থেকে বদরুদ্দীন উমরের প্রবন্ধ বাঙলাদেশে দুর্নীতি ও সন্ত্রাস, বাঙলাদেশের রাজনীতি এবং মুহাম্মদ হাবিবুর রহমানের নজরুলবিষয়ক উন্নত মম শির। ইউপিএল থেকে আব্দুল কাইয়ুমের বিজ্ঞানবিষয়ক বিজ্ঞানের রাজ্যে শত প্রশ্ন। অনিন্দ্য প্রকাশ থেকে রইসউদ্দিন আহমদের বাঙালির চতুর্মাত্রিক ইতিহাস, নবরাগ থেকে নাজমুল হক নান্নুর ইতিহাসের ধারায় চে গুয়েভারা। আগামী থেকে এসেছে অধ্যাপক অরূপ রতন চৌধুরীর চিকিৎসাবিষয়ক মুখের ক্যান্সার।