প্রকল্প বাস্তবায়নের জন্য ৫০০ কোটি টাকা সরকারের হাতে। জমিও সরকারি, কিছু অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু মেয়াদ শেষ হতে চললেও ‘গুলশান-বারিধারা-বনানী ও মহাখালী লেক উন্নয়ন’ প্রকল্পের বাস্তব উন্নয়নকাজ কার্যত কিছুই হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বাস্তবায়িত হলে লেক সংরক্ষণের পাশাপাশি এটি হতে পারত আলোচিত হাতিরঝিলের মতোই আরেকটি বড় বিনোদনকেন্দ্র। জলমগ্ন ভূমি রক্ষা ও উন্নয়ন করে পরিবেশ বাঁচানো এবং জায়গাটিকে বিনোদনকেন্দ্রে রূপান্তরের জন্য রাজউক ২০১০ সালের জুনে এই প্রকল্প হাতে নেয়। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু লেক দখল ও মামলার কারণে এটি বড় ধরনের বাধার মুখে পড়ে। এই প্রেক্ষাপটে গুলশান লেককে হাতিরঝিল প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রমতে, লেকসংলগ্ন জমি অধিগ্রহণেই অনেক সময় চলে গেছে। প্রকল্পের জন্য জেলা প্রশাসনের সহায়তায় গুলশান-বারিধারা লেক অংশের ১০ দশমিক ৭৫ একর জমি অধিগ্রহণ করা হলেও অবৈধ দখল এবং মামলার কারণে রাজউক তার দখল বুঝে নিতে পারছে না। এ জমির অবস্থান মানারত স্কুলের কাছে গুলশান ১০৬ সড়ক থেকে শাহজাদপুর সংযোগ সড়ক এলাকায়। রাজউকের নথি অনুযায়ী, আজিজুর রহমান মোল্লা ও কাজী কামাল নামের দুই ব্যক্তি এখানকার জমির মালিকানা দাবি করে রাজউকের বিরুদ্ধে মামলা করেছেন। এই লেকে এ ধরনের মোট ১১টি জায়গা নিয়ে মামলা চলছে। রাজউক জমির টাকা বুঝিয়ে দিলেও জেলা প্রশাসন তাদের জমির দখল বুঝিয়ে দিতে পারেনি। এ ছাড়া, গুলশান-বনানী-মহাখালী লেক অংশের ৬৯ দশমিক ১৪৪ একর জমি অধিগ্রহণের কাজ এখনো শুরুই করা যায়নি। বছর খানেক আগে জরিপ করে জেলা প্রশাসন রাজউককে জানায়। তবে প্রকল্পসংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অধিগ্রহণের জন্য রাজউক ভূমি মন্ত্রণালয়ে আবেদনই করে এখন থেকে মাত্র মাস খানেক আগে। এ জমির মধ্যে ৪৬ দশমিক ৬৪ একর বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল)। এর বেশির ভাগ অংশ বস্তিসহ বেদখল অবস্থায় আছে। এখানেও জমি অধিগ্রহণে সমস্যা হতে পারে বলে রাজউক ও জেলা প্রশাসন সূত্র এই প্রতিবেদকের কাছে আশঙ্কা প্রকাশ করেছে। অধিগ্রহণের জন্য নির্ধারিত বাকি ২৩ দশমিক ৫৮ একর জমি ব্যক্তিমালিকানার। প্রকল্পের ব্যবস্থাপক রাজউকের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম গতকাল রোববার বলেন, ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর জেলা প্রশাসন অধিগ্রহণের উদ্যোগ নেবে বলে তাঁরা আশা করছেন। রাজউকের হিসাব অনুযায়ী, লেক এলাকায় দেড় শর বেশি অবৈধ স্থাপনা রয়েছে। এগুলোর কিছু ভেঙেও দেওয়া হয়। এ ছাড়া বিগত সরকারের সময়ে গুলশানে ২২, ২৪, ২৬, ২৮, ৩০ নম্বর প্লট বিতর্কিতভাবে বরাদ্দ দেওয়া হয়। প্লটগুলোর অংশবিশেষ লেকের মধ্যে পড়ে। সমালোচনার মুখে সব ধরনের অবৈধ স্থাপনা অপসারণ করার সিদ্ধান্ত হলেও পরে লেককে ক্ষতিগ্রস্ত করে আরও প্লট বরাদ্দ দেওয়া হয়। বেশির ভাগ প্লটে বহুতল ভবন নির্মিত হয়ে গেছে। গৃহীত উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে গুলশান-বারিধারা এবং গুলশান-বনানী লেকপাড়ে ৪২ হাজার ফুট পায়ে চলার পথ (ওয়াকওয়ে) তৈরির পরিকল্পনা রয়েছে। একে কেন্দ্র করে লেকের আরও জমি স্থায়ীভাবে বেদখলের আশঙ্কা রয়েছে বলে রাজউক সূত্র জানায়। এর আগে গুলশান-বনানী লেকপাড়ে ৩০ হাজার ফুট পায়ে চলার পথ নির্মাণের সময় অনেক বাড়ির দখলে থাকা লেকের জমি বাদ রাখা হয় বলে রাজউকের কর্মকর্তারাই স্বীকার করেন। প্রকল্পের ধীরগতির বিষয়ে জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, প্রধানত মামলা এবং দখলদারদের জন্য প্রকল্পের বাস্তব কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সে জন্যই একনেকে অনুমোদন হওয়ার পরও কাজ শুরু করা যায়নি। এ অবস্থায় কীভাবে প্রকল্পের কাজ এগোতে পারে—এ প্রশ্নের জবাবে রাজউকের চেয়ারম্যান বলেন, এ বিষয়ে করণীয় কী, তা চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে আপাতত গুলশান লেককে হাতিরঝিল প্রকল্পের সঙ্গে যুক্ত করা হচ্ছে। প্রকল্পে যা যা আছে: অনুমোদিত পরিকল্পনায় হাতিরঝিল প্রান্ত অর্থাৎ গুলশান শ্যুটিং ক্লাবের পেছন থেকে বারিধারা মরিয়ম টাওয়ার পর্যন্ত যান চলাচলের রাস্তা (ড্রাইভওয়ে) রয়েছে। পরিবেশ উন্নয়ন ও বিনোদনকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে লেকপাড় স্থায়ীভাবে সুরক্ষার জন্য গাছ ও ঘাস লাগানো হবে। লেকপাড়ের অব্যবহূত জায়গাও বিনোদনের কাজে লাগানো হবে। গুলশান-শাহজাদপুর সংযোগ সড়ক ভেঙে একটি সেতু হবে। মহাখালী গাওসুল আজম মসজিদের পাশের ছোট সেতুটি ভেঙে বড় করা হবে। বনানী থেকে গুলশান-২ যাওয়ার পথের কালভার্টটিও ভেঙে সেতু তৈরি হবে। গুলশান-বনানী-বারিধারা এলাকায়ও বেশ কয়েকটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। উন্নয়ন প্রকল্পে আরও থাকবে বোট ক্লাব ও নৌবিহারের ব্যবস্থা, থিয়েটার, পর্যবেক্ষণ টাওয়ার ইত্যাদি। প্রকল্পের আওতায় পয়োনালা নির্মাণ করা হবে। লেকের তলার কাদামাটি ও আবর্জনা অপসারণ করে গভীরতা বাড়ানো হবে। এর জন্য অন্তত তিন কোটি ৩৬ লাখ ঘনফুট মাটি কাটার প্রস্তাব রয়েছে। লেকের পানির গুণমান বাড়ানোর লক্ষ্যে আধুনিক পরিশোধন ব্যবস্থা স্থাপনেরও পরিকল্পনা আছে।যুক্ত হচ্ছে হাতিরঝিল: সোনারগাঁও হোটেলসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে হাতিরঝিল প্রকল্প শেষ হয়েছে গুলশান নিকেতনে শ্যুটিং ক্লাবের অদূরে। সিদ্ধান্ত হয়েছে হাতিরঝিলের সঙ্গে গুলশান লেককে যুক্ত করতে কিছুদিনের মধ্যেই শ্যুটিং ক্লাবের পেছন থেকে বাড্ডা পর্যন্ত (সংযোগ সড়ক) সড়ক কাটা হবে। এখানে হাতিরঝিলের ধরনে একটি সেতু নির্মাণ করা হবে। গুলশান-বনানী-বারিধারা-মহাখালী লেক ও হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা, নকশা ইত্যাদির জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে ‘ভিত্তি স্থপতিবৃন্দ’ প্রতিষ্ঠানকে। এর প্রধান স্থপতি ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ‘হাতিরঝিলের পরামর্শক হিসেবেও আমাদের প্রতিষ্ঠান কাজ করেছে। সার্বিক সহযোগিতা পেলে গুলশান লেক প্রকল্পেরও সফল বাস্তবায়ন হবে।’