প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্ধারিত সময়ের পর কোনো জনপ্রতিনিধি যাতে ক্ষমতায় থাকতে না পারেন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ নির্ধারিত মেয়াদের পর জনগণের কাছে জনপ্রতিনিধিদের আর জবাবদিহি থাকে না। আর তখনই দুর্নীতি ও অন্যায় শুরু হয়। তাই মেয়াদ শেষে আর কেউ ক্ষমতায় থাকতে পারবেন না। আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার বিতর্কিত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তার ওপর নজর রাখছে। এসব উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিএনপি দলীয়করণ করেছিল। তারপর তত্ত্বাবধায়ক সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু তারা আবার মামলা করে চলে এসেছে। আমরা তাদের দিকে নজর রাখছি। তাদের কেউ নির্বাচন প্রভাবিত করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে।’২০০৫ সালে চারদলীয় জোট সরকার ৩০৩ জন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন প্রতিবেদনের ভিত্তিতে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার স্বার্থে ২০০৭ সালের মে মাসে এই নির্বাচনী কর্মকর্তাদের যাচাই-বাছাই পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষায় ৮৫ জন অকৃতকার্য হলে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি প্রশাসনিক আপিল ট্রাইবুনালের রায়ে চলতি বছরের মে মাসে ওই ৮৫ জন কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হন।জুনায়েদ আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভোটের অধিকার আমাদের সাংবিধানকি অধিকার। এই সাংবিধানিক অধিকার রক্ষায় আমরা যা যা করার, তা-ই করব। গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না। আর জবাবদিহিতা না থাকলে দুর্নীতি হয়।’শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। কারণ, অর্থনৈতিক উন্নয়নে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, এই সরকারের সময় কোনো নির্বাচনেই সরকারি হস্তক্ষেপ ছিল না।ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা সব ইউনিয়নেই বরাদ্দ দিচ্ছি। কিন্তু, মেয়াদ শেষ হলে যা হয়, তা-ই হচ্ছে। যতই বরাদ্দ পাঠাই, কিছু কাজ হচ্ছে, আবার কিছু পেটেও যাচ্ছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সময় পাঁচ বছর। অনেকে মামলা করে ১০ বছর পর্যন্ত থেকে যাচ্ছেন। শুধু ইউনিয়ন পরিষদ নয়, জনপ্রতিনিধিরা যেন সময় পেরিয়ে যাওয়ার পর না থাকতে পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। আইনের দুর্বলতা আছে। এ জন্য ব্যবস্থা নেওয়া হবে।’শাহীন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে ভুয়া ভোটার তালিকা করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়টি নির্বাচন কমিশন বিবেচনা করতে পারে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।উল্লেখ্য, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার যে তালিকা করেছিল, তাতে ভোটার ছিল নয় কোটি ৩৩ লাখ। তত্ত্বাবধায়ক সরকারের সময় করা ভোটার তালিকায় এই সংখ্যা কমে দাঁড়ায় আট কোটি ১০ লাখ।রাজধানীর যানজট: রাজধানীর যানজট নিরসনে সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রাজধানীর যানজট সমস্যা সমাধানে আরও অনেক ফ্লাইওভার ও এলিভেটর (দোতলা) রাস্তা করার পরিকল্পনা আছে।সাংসদ এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর আশপাশের শহরগুলোয় জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য সরকার কমিউটার ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ১০ জোড়া, ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত দুই জোড়া, নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত দুই জোড়া এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিস চালু আছে।অপু উকিলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার জন্য আরও বাস আনার পরিকল্পনা রয়েছে, যাতে প্রাইভেটকারের ব্যবহার কিছুটা কমে।অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বন্দরটি নির্মাণে ১৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। ২০১৭ সাল নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে।